পাটকল শ্রমিকদের আন্দোলনের চারদিন পার - Shera TV পাটকল শ্রমিকদের আন্দোলনের চারদিন পার - Shera TV

পাটকল শ্রমিকদের আন্দোলনের চারদিন পার

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে শীতের তীব্রতা উপেক্ষা করে পাটকল শ্রমিকদের আমরণ অনশন কর্মসূচি চলছেই। বুধবার তাদের আন্দোলন গড়ালো চতুর্থ দিনে। দিনরাত সমানতালে মিলের মূল ফটকে অবস্থান করে ১১ দফা দাবি নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে চলেছেন তারা।

তাদের অভিযোগ, মজুরি কমিশনের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হলেও এখনও কার্যকর হয়নি। দাবি পূরণ না হওয়ায় রবিবার থেকে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন। ঘোষিত ১১ দফা দাবি আদায়ে এবার শেষ নিঃশ্বাস পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। রাজশাহী পাটকলের মূল ফটকের সামনে কাঁথা-বালিশ নিয়ে অনশন পালন করছেন শ্রমিকরা। তবে শীতের কারণে শ্রমিকদের অনেকেই এখন অসুস্থ হয়ে পড়ছেন।

রাজশাহী পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের সভাপতি জিল্লুর রহমান জানান, এবার দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের পক্ষে আর ঘরে ফেরা সম্ভব নয়। কেন্দ্রের বৈঠক ফলপ্রসূ না হওয়ায় গত ১০ ডিসেম্বর দুপুর থেকে আন্দোলন শুরু করেন শ্রমিকরা। পরে তাদের দাবি মেনে নেওয়ার সরকারি আশ্বাসে গত ১৪ ডিসেম্বর কর্মসূচি স্থগিত করা হয়।

জাতীয় মজুরি কমিশন বাস্তবায়ন, সরকারি- বেসরকারি অংশীদারি (পিপিপি) সিদ্ধান্ত বাতিল, অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের পিএফ গ্রাচ্যুইটির টাকাসহ ১১ দফা দাবি বাস্তবায়নের দাবিতে এ কর্মসূচি পালন করছেন পাটকল শ্রমিকরা।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360