আবারও বাবা হচ্ছেন সাকিব - Shera TV আবারও বাবা হচ্ছেন সাকিব - Shera TV

আবারও বাবা হচ্ছেন সাকিব

স্পোর্টস ডেস্ক:

কন্যা আলাইনা হাসান অব্রি আগে থেকেই আলো করে রেখেছে সাকিব আল হাসানের ঘর। বিশ্বসেরা এই অলরাউন্ডের ঘরের আলোটা বেড়ে যাচ্ছে আরো একটু। আলাইনা পাচ্ছে তার খেলার সাথী। বাংলাদেশ ক্রিকেটের এ মহাতারকার সংসারে আসছে নতুন অতিথি। সহধমির্ণী উম্মে আহমেদ শিশির দ্বিতীয়বারের মতো মা হতে যাচ্ছেন।

কন্যা আলাইনা হাসি মুখে ছোট্ট একটা ড্রেস হাতে দাঁড়িয়ে আছে। তাতে লেখা ‘ঘরে স্বাগতম’। ব্যস এই ছবিটা নিজের অফিসিয়্যাল পেজে পোস্ট করেই ভক্ত-সমর্থকদের সুখবরটা দিয়েছেন সাকিব। তার ঘরে এবার ছেলে না মেয়ে আসছে সেটা অবশ্য জানা যায়নি।

ছবিটার ক্যাপশনে সাকিব লিখেছেন ‘বড় বোনগিরি’। এতোটুকুই যথেষ্ট। ভক্ত সমর্থকদের ভালোবাসা, অভিনন্দন আর শুভেচ্ছা বার্তার বন্যায় রীতিমতো ভেসে চলেছে এ ক্রিকেট সুপারস্টারের পরিবার।

২০১২ সালের স্মরণীয় দিন ১২.১২.১২ তারিখে উম্মে আহমেদ শিশিরের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু হয় সাকিবের। এই তারকা দম্পতির কোলজুড়ে ২০১৫ সালের ৯ নভেম্বর আসে অব্রি।

জুয়াড়ির প্রস্তাব গোপন করায় এক বছরের জন্য ক্রিকেট থেকে নির্বাসনে আছেন সাকিব। তাই অফুরন্ত অবসরে পরিবার আর স্পন্সরশিপ কার্যক্রমে কাটিয়ে দিচ্ছেন সময়। তাই করোনা সঙ্কটের মাঝেও যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন সাকিব। তবে সরাসরি পরিবারের কাছে না গিয়ে নিয়ম মেনে এক হোটেলে টানা ১৪ দিন স্বেচ্ছা-অন্তরণে থাকেন তিনি। স্বেচ্ছা-অন্তরণের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে স্ত্রী কন্যার কাছে ফিরেই দিলেন এই সুখবর।

স্বেচ্ছা-অন্তরণে থেকেও দেশের মানুষের জন্য কাজ করে গেছেন সাকিব। নিজের নামে ফাউন্ডেশন গড়ে দাঁড়িয়েছেন সুবিধাবঞ্চিত মানুষের পাশে। দেশের বিভিন্ন হাসপাতালে করোনাভাইরাস শনাক্তকরণ কিট সরবরাহ করার জন্য গড়েছেন ২০ লাখ টাকার তহবিল।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360