২০ লাখ টাকায় নিলামে সাকিবের ব্যাট কিনলেন যুক্তরাষ্ট্র প্রবাসী - Shera TV ২০ লাখ টাকায় নিলামে সাকিবের ব্যাট কিনলেন যুক্তরাষ্ট্র প্রবাসী - Shera TV

২০ লাখ টাকায় নিলামে সাকিবের ব্যাট কিনলেন যুক্তরাষ্ট্র প্রবাসী

স্পোর্টস ডেস্ক:
সাকিব আল হাসানের ঐতিহাসিক এসজি ব্যাটটি  ২০ লাখ টাকায় বিক্রি হয়েছে। রাজ নামের যুক্তরাষ্ট্র প্রবাসী একজন ক্রিকেট ভক্তের হাতে যাচ্ছে বিশেষ এই ব্যাট। যে ব্যাট হাতে বিশ্বসেরা এই অলরাউন্ডার ইংল্যান্ডের মাটিতে বিশ্বকাপ ২০১৯ কাঁপিয়েছেন। একদিনের ক্রিকেটে রান তুলেছেন প্রায় ১৫০০।

অকশন ফর অ্যাকশন ফেসবুক পেজে বুধবার (২২ এপ্রিল) বেলা তিনটা থেকে নিলামের বিডিং শুরু হলে আগ্রহীরা হুমড়ি খেয়ে দর হাঁকাতে থাকেন।

নিলামের বিডিং চলার কথা ছিল রাত ১১টা পর্যন্ত। কিন্তু ভক্তদের প্রশ্নের উত্তর দেওয়া ও দাতব্য কার্যক্রম নিয়ে নানামুখী আলোচনায় বিডিংয়ের সময় বেড়ে যায় ১১টা ১৫ মিনিট পর্যন্ত। তার আগে রাত দশটায় লাইভ নিলামে অংশ নেন ক্রিকেট জাদুকর সাকিব। ব্যাটের সর্বনিম্ন মূল্য ৫ লাখ টাকা ধরে শুরু হয় নিলামের বিডিং। পোস্টের কমেন্ট বক্স ও অকশন ফর অ্যাকশন পেজের ইনবক্সে দর হাঁকাতে থাকেন সাকিবের ভক্ত-সমর্থকরা।

আট ঘণ্টার রুদ্ধশ্বাস নিলাম শেষে সর্বোচ্চ দাম হাঁকিয়ে জেতা সৌভাগ্যবান ওই ব্যক্তি ব্যাটের মূল্য সাকিব আল হাসান ফাউন্ডেশনে পরিশোধ করবেন। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে এ ক্রিকেট সুপারস্টার বিজয়ী প্রবাসীর হাতে ইতিহাস গড়া ব্যাটটি তুলে দিবেন। ব্যাটের মূল্য পরিশোধের পর সাকিব ও অকশন ফর অ্যাকশনের ফেসবুক পেজে নিলাম নিয়ে পরে বিস্তারিত জানানো হবে।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360