রোজার সময় জামাতে নামাজ আদায় বন্ধের সিদ্ধান্ত থেকে সরে এসেছে সৌদি - Shera TV রোজার সময় জামাতে নামাজ আদায় বন্ধের সিদ্ধান্ত থেকে সরে এসেছে সৌদি - Shera TV

রোজার সময় জামাতে নামাজ আদায় বন্ধের সিদ্ধান্ত থেকে সরে এসেছে সৌদি

ইন্টারন্যাশনাল ডেস্ক:

মক্কা ও মদিনার প্রধান দুই মসজিদে রোজার সময় জামাতে নামাজ আদায় বন্ধের সিদ্ধান্ত থেকে সরে এসেছে সৌদি আরব কর্তৃপক্ষ। রমজানে সংক্ষিপ্ত পরিসরে তারাবির নামাজ আদায়ের অনুমতি দিয়েছেন দেশটির বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। বুধবার পবিত্র এই দুই মসজিদের প্রেসিডেন্সির পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।

মসজিদ দুটিতে ১০ রাকাত করে তারাবির নামাজ আদায় করা হবে। তবে সাধারণ মুসল্লিরা মসজিদে ঢুকতে পারবেন না। শুধু ইমাম ও মুয়াজ্জিনসহ কর্মরতদের নিয়ে তারাবির নামাজ হবে। খবর খালিজ টাইমস।

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে এর আগে মক্কা ও মদিনার প্রধান দুই মসজিদে রোজার সময়ও জামাতে নামাজ আদায় বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানায় কর্তৃপক্ষ। গত সোমবার মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববী কর্তৃপক্ষ এক টুইটার বার্তায় জানিয়েছিল, এই দুই মসজিদে রোজায় এশার নামাজ হলেও কোনো জামাত হবে না।

সৌদিতে গত ২ মার্চ প্রথম করোনাভাইরাসের সংত্রক্রমণ ধরা পড়ে। করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় সৌদি আরব গত ২৭ ফেব্রুয়ারি থেকে বিদেশিদের ওমরাহ করার অনুমতি দেওয়া বন্ধ করে দেয়। পাশাপাশি ট্যুরিস্ট ভিসা দেওয়াও বন্ধ রাখে। গত ১৭ মার্চ মক্কা ও মদিনার প্রধান দুই মসজিদ ছাড়া সৌদি আরবের বাকি সব মসজিদে জামাতে নামাজ আদায় স্থগিত করে নির্দেশ জারি করে দেশটির কর্তৃপক্ষ। পরে এ দুটি মসজিদেও জামাতে নামাজ আদায় বন্ধ করা হয়। ২৩ মার্চ সৌদি আরবজুড়ে সন্ধ্যা ৭টা থেকে সকাল ৬টা পর্যন্ত ২১ দিনের কারফিউ জারি করেছিল দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পরে কারফিউয়ের মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানো হয়।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360