জীবিকা হারানোর ঝুঁকিতে বিশ্বের শ্রমশক্তির অর্ধেক : আইএলও - Shera TV জীবিকা হারানোর ঝুঁকিতে বিশ্বের শ্রমশক্তির অর্ধেক : আইএলও - Shera TV

জীবিকা হারানোর ঝুঁকিতে বিশ্বের শ্রমশক্তির অর্ধেক : আইএলও

অনলাইন ডেস্ক:
আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) বলেছে, অনানুষ্ঠানিক অর্থনীতিতে কর্মরত বিশ্বের প্রায় ১৬০ কোটি মানুষ করোনাভাইরাস মহামারির কারণে জীবিকা হারানোর তাৎক্ষনিক ঝুঁকিতে রয়েছে। এই পরিমাণ মানুষ বিশ্বের মোট শ্রমশক্তির অর্ধেক। বুধবার জাতিসংঘের এই সংস্থাটির প্রকাশিত এক প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।.

বুধবার সংবাদ সম্মেলনে আইএলও মহাপরিচালক গাই রাইডার বলেছেন, বিশ্বের মোট ৩৩০ কোটি শ্রমজীবী মানুষের মধ্যে অনানুষ্ঠানিক শ্রমজীবীরাই সবচেয়ে বেশি দুর্বল। তাদের শ্রমের সুরক্ষা নেই, ভালো চিকিৎসা সেবা পাওয়ার সুযোগ নেই, এমনকি বাড়িতে থেকেও কাজের সুযোগ নেই।

গাই রাইডার বলেন, ‘লাখ লাখ কর্মীর আয় নেই মানেই তাদের খাবার নেই, নিরাপত্তা নেই আর কোনও ভবিষ্যৎও নেই। সারা বিশ্বের লাখ লাখ ব্যবসা এখন কোনও রকমে টিকে আছে।’ তিনি বলেন, ‘তাদের কোনও সঞ্চয় নেই, ঋণ পাওয়ারও সুযোগ নেই। এসবই বিশ্বে কাজের পরিস্থিতির সত্যিকার চিত্র। এখনই যদি তাদের সাহায্য না করি তাহলে তাদের সর্বনাশ হয়ে যাবে।’

আইএলও বলছে, দীর্ঘায়িত হতে থাকা লকডাউন এবং অফিস ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় মোট কর্মঘণ্টার পরিমাণ আরও মারাত্মকভাবে কমে আসবে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সেক্টর হলো উৎপাদন, বাসস্থান, খাবারের সেবা, পাইকারি ও খুচরা বাণিজ্য এবং রিয়েল এস্টেট।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360