দেশে ৮০ বছরের বৃদ্ধের কাছে হার মানলো করোনা - Shera TV দেশে ৮০ বছরের বৃদ্ধের কাছে হার মানলো করোনা - Shera TV

দেশে ৮০ বছরের বৃদ্ধের কাছে হার মানলো করোনা

নিজস্ব প্রতিবেদক:
রংপুরের বদরগঞ্জ উপজেলার ৮০ বছর বয়সী বৃদ্ধ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। বুধবার দুপুরে রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেসন হাসপাতাল থেকে শুভেচ্ছা স্বরূপ ফুল দিয়ে তাকে ছাড়পত্র দেয়া হয়েছে। ডেডিকেটেড করোনা আইসোলেসন হাসপাতালে ৯ দিন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে আজ বাড়ি ফেরেন তিনি।
একমাস ঢাকায় তাবলীগ জামাতে অবস্থান করছিলেন তিনি। ১লা এপ্রিল রংপুরে ফেরেন মোসলেম উদ্দিন। এসময় তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন। রংপুরে পৌঁছে শহরের খামার মোড়ে মেয়ের বাড়িতে গিয়ে ওঠেন। সেখানে থাকা অবস্থায় জ্বর, সর্দি, ও কাশিসহ বিভিন্ন উপসর্গ দেখা দেয়। পরে ১৪ই এপ্রিল রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আরটিআই কর্নারে চিকিৎসা নিতে যান মোসলেম উদ্দিন।

এসময় কর্তব্যরত চিকিৎসক তার রোগের লক্ষণ ও ইতিহাস জেনে করোনা সন্দেহে নমুনা পরীক্ষার পরামর্শ দেন। ওইদিন তার নমুনা সংগ্রহ করা হয় এবং ১৬ই এপ্রিল করোনা শনাক্ত হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরে ২০শে এপ্রিল সেখান থেকে তাকে ডেডিকেটেড করোনা আইসোলেসন হাসপাতালে রেফার্ড করা হয়।

৯ দিন চিকিৎসাধীন থেকে তার শারীরিক অবস্থার উন্নতি এবং পরপর দুইবার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসায় তাকে হাসপাতাল হতে ছাড়পত্র দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। ছাড়পত্র দেয়ার সময় চিঠি ও ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানানো হয়।
এদিকে রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেসন হাসপাতালের প্রথম রোগী হিসেবে ভর্তি এবং সুস্থ হয়ে বাড়ি ফিরে যাওয়ায় মোসলেম উদ্দিনকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি চিকিৎসকদের সাহস, আশার সঞ্চার ও অভিজ্ঞতা কয়েকগুণ বৃদ্ধির কথাও উল্লেখ করা হয় ওই চিঠিতে।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360