অত্যাধুনিক জীবাণুনাশক মেশিন বসলো কাবা শরিফে - Shera TV অত্যাধুনিক জীবাণুনাশক মেশিন বসলো কাবা শরিফে - Shera TV

অত্যাধুনিক জীবাণুনাশক মেশিন বসলো কাবা শরিফে

ইন্টারন্যাশনাল ডেস্ক:
সৌদি আরবের মক্কায় পবিত্র কাবা শরিফের প্রবেশপথে বসানো হয়েছে অত্যাধুনিক জীবাণুনাশক মেশিন। করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে চলতি সপ্তাহেই মেশিনটি বসানো হয়।

মহামারীর কারণে এক মাসেরও বেশি সময় পবিত্র কাবাঘর ও মদিনার মসজিদে নববীতে সীমিতসংখ্যক মানুষ প্রার্থনার সুযোগ পাচ্ছেন। তবে দ্রুত মুসলমানদের সবচেয়ে পবিত্র এই দুই মসজিদ খুলে দিতে যাচ্ছে কর্তৃপক্ষ। আর তারই অংশ হিসেবে কাবাঘরের প্রধান প্রবেশপথ কিং আবদুল আজিজ গেটে বসানো হয়েছে অত্যাধুনিক জীবাণুমুক্তকরণ মেশিন।

দ্য গার্ডিয়ান জানিয়েছে, মসজিদের মূল প্রবেশপথে সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে সর্বশেষ প্রযুক্তির এই জীবাণুমুক্তকরণ গেট বসানো হল। লকডাউন শিথিল করা হলেও মসজিদে হারামাইন এখনও খুলে দেয়া হয়নি। তবে খুব শিগগির মক্কার মসজিদুল হারাম ও মদিনায় মসজিদে নববী সাধারণ মুসল্লিদের জন্য উন্মুক্ত করে দেয়া হবে বলে জানিয়েছেন মসজিদবিষয়ক জেনারেল প্রেসিডেন্সির প্রধান শেখ আবদুর রহমান আল-সুদাইস।

মুসল্লিদের জীবাণুমুক্ত করতে উন্নত মানের জীবাণুনাশক মেশিনের মাধ্যমে ফটকে স্বয়ংক্রিয় স্যানিটাইজার স্প্রেসহ জীবাণু নির্বীজকরণ করা ও থার্মাল ক্যামেরা দিয়ে তাপমাত্রা মাপার ব্যবস্থা থাকবে। ক্যামেরাগুলোর ৬ মিটারের মধ্যে একসঙ্গে বেশ কয়েকজনের তাপমাত্রা মাপা, সংক্রমণ নিয়ে আগত মুসল্লিদের গতিবিধি পর্যবেক্ষণ এবং সন্দেহভাজন করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের শনাক্ত করার জন্য স্মার্ট স্ক্রিন ব্যবহার করা হবে। করোনা প্রতিরোধে এর আগে মসজিদুল হারামের স্কেলেটরে (চলন্ত সিঁড়ি) জীবাণুনাশক অত্যাধুনিক মেশিন স্থাপন করা হয়। গত মার্চ মাসে দুই পবিত্র মসজিদ পরিচালনা কর্তৃপক্ষের প্রধান আল-সুদাইস স্বয়ংক্রিয় মেশিন স্থাপন প্রকল্প পরিদর্শন করেন।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360