সুজানার পর ধর্মে মন দিয়ে অভিনয় ছাড়লেন এ্যানি - Shera TV সুজানার পর ধর্মে মন দিয়ে অভিনয় ছাড়লেন এ্যানি - Shera TV

সুজানার পর ধর্মে মন দিয়ে অভিনয় ছাড়লেন এ্যানি

বিনোদন ডেস্ক:

অভিনয় ছাড়ার ঘোষণা দিলেন মডেল ও অভিনেত্রী এ্যানি খান। দীর্ঘ ২৩ বছরের মিডিয়া ক্যারিয়ারের পাঠ শেষ করতে চলেছেন তিনি। এরপর একজন সাধারণ ধার্মিক মানুষ হিসেবে বাকি জীবন কাটানোর পরিকল্পনা নিয়েছেন। শনিবার গণমাধ্যমকে নিজের অভিনয় ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন এই অভিনেত্রী।

এ্যানি খান বলেন, ‌‘গত বছর থেকে মিডিয়া ছাড়ার পরিকল্পনা করছি, চলতি বছরের জানুয়ারি মাস থেকে নিজের মধ্যে সিদ্ধান্তটা বেশি করে নাড়া দিতে থাকে। মার্চের ১৯ তারিখ শেষবার শুটিং করেছি। তারপর করোনায় সবকিছু বন্ধ। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছি, নফল নামাজ পড়ছি, কোরআন হাদিস পড়ছি। অনেক কিছু থেকে পিছিয়ে ছিলাম শিখছি। আর মিডিয়া আমাকে টানছে না, তাই এই পেশা থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিলাম।

এ্যানি খান আরও বলেন, ‘প্রতিদিন মৃত্যুর খবর যেভাবে শুনছি, এত মৃত্যুর খবর আগে শুনিনি। এরমধ্যে আমার বাবাকে হারিয়েছি, আরও অনেক কাছের মানুষ চলে যাচ্ছে। আমি একজন মুসলিম। মুসলিম হিসেবে ধর্মীয় বিষয়গুলো যতোই জানার চেষ্টা করছি ততই ধর্ম বিষয়ক জ্ঞান বাড়ছে।

এতে করে অনেক কিছুতে বিধিনিষেধ চলে আসছে। দু মিনিট পরে আমি বাঁচবো কিনা জানিনা। মৃত্যুর পরে অনন্ত কালের জন্য আমি কি সঞ্চয় করলাম? এ সবকিছু চিন্তাভাবনা মিলিয়ে আমি আর মিডিয়ার কাজে ফিরতে চাইছি না। এজন্য কেউ আমাকে ভণ্ড বলতে পারেন, খারাপ বলতে পারেন। তাতে আমার কিছু যায় আসেনা।’

এ্যানি খান অভিনীত পাঁচটি সিরিয়াল বিভিন্ন টিভিতে প্রচার হচ্ছে। আর কাজে ফিরতে চান না তিনি।শিশুশিল্পী হিসেবে মিডিয়াতে কাজ শুরু করেছিলেন এ্যানি খান। অনেক বিজ্ঞাপন ও নাটকে অভিনয় করেছেন তিনি। বর্তমানে ঢাকাতে নিজেদের বাড়িতে বসবাস করছেন। আগামী বছর বিয়ের পরিকল্পনা করেছেন। মিডিয়া থেকে দূরে সরে এক অন্যরকম নতুন জীবনের স্বপ্ন দেখছেন তিনি।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360