জিডিপির ভয়াবহ বিপর্যয় জি২০ দেশগুলোর - Shera TV জিডিপির ভয়াবহ বিপর্যয় জি২০ দেশগুলোর - Shera TV

জিডিপির ভয়াবহ বিপর্যয় জি২০ দেশগুলোর

অর্থ বাণিজ্য ডেস্ক:
করোনাভাইরাসের কারণে চলতি বছরের প্রথম প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি অর্জনে বিশাল ধাক্কা খেয়েছে জি২০ ভুক্ত উন্নত দেশগুলো। এ সময় এ জোটের অর্থনীতির জিডিপি প্রবৃদ্ধি কমেছে ১.৫ শতাংশ। ২০১৯ সালের প্রথম প্রাপ্তিকে যেখানে প্রবৃদ্ধি ছিল ২.৮ শতাংশ।

দ্য অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট-ওইসিডি শনিবার (১১ জুলাই) এ তথ্য প্রকাশ করেছে। ওইসিডি, ৩৭ সদস্য দেশ নিয়ে গঠিত আন্তদেশীয় অর্থনৈতিক সংস্থা।

ওইসিডি বলছে, ২২ বছরের মধ্যে অর্থাৎ ১৯৯৮ সালের পর জি২০ ভুক্ত অর্থনীতিতে এটিই সবচেয়ে বড় আকারের নেতিবাচক প্রবৃদ্ধি। ১৯৯৮ সালে প্রবৃদ্ধি পড়ে গিয়েছিল ৩.৪ শতাংশ। আর ২০০৯ সালের বিশ্বমন্দাকালে প্রবৃদ্ধি কমেছিল ১.৫ শতাংশ।

ওইসিডির ওই প্রতিবেদনে বলা হয়, করোনাভাইরাস নিয়ন্ত্রণে বিশ্বব্যাপাী লকডাউন কার্যকর করার কারণে প্রায় বন্ধ হয়ে যায় উৎপাদন ও আমদানি-রফতানি কার্যক্রম। এতে দেখা যায় চলতি বছরের প্রথম প্রান্তিকে চীনের জিডিপি প্রবৃদ্ধি কমেছে প্রায় ১০ শতাংশ (৯.৮), ফ্রান্স আর ইতালির কমেছে ৫.৩ শতাংশ করে। বাজেভাবে কমেছে জার্মানি (-২.২%), কানাডা (-২.১%) আর যুক্তরাজ্যের (-২.০%) জিডিপি প্রবৃদ্ধিও।

বেশখানিকটা সংকুচিত হয়েছে ব্রাজিল (-১.৫%), যুক্তরাষ্ট্র (-১.৩%), কোরিয়া (-১.৩%) এবং মেক্সিকোর (-১.২%) অর্থনৈতিক প্রবৃদ্ধি। কম হলেও চলতি বছরের প্রথম প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি অর্জনে নেতিবাচক ধাক্কা লেগেছে ইন্দোনেশিয়ায় (-০.৭%), জাপানে (-০.৬%), অস্ট্রেলিয়ায় (-০.৩%)।

তবে এ সময়ে জি২০ ভুক্ত দেশগুলোর মধ্যে ইতিবাচক প্রবৃদ্ধি ধরে রেখেছে শুধু ভারত (০.৭%) ও তুরস্ক (০.৬%)।

 

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360