মেহেদীর রঙ শুকানোর আগেই নববধূর আত্মহত্যা - Shera TV মেহেদীর রঙ শুকানোর আগেই নববধূর আত্মহত্যা - Shera TV

মেহেদীর রঙ শুকানোর আগেই নববধূর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লার বুড়িচং উপজেলার ভারেল্লা পূর্বপাড়া গ্রামে তানজিনা আক্তার (১৮) নামের এক নববধূ স্বামীগৃহে ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার দুপুরের দিকে এ ঘটনার পর রোববার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য লাশ প্রেরণ করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, জেলার বুড়িচং উপজেলার ভারেল্লা দক্ষিণ ইউনিয়নের ভারেল্লা পূর্বপাড়া গ্রামের মো. শাহ আলমের ছেলে রবিউল্লাহ (২৪) পারিবারিক সম্মতিতে গত ১৬ জুলাই পার্শ্ববর্তী দেবিদ্বার উপজেলার মোহাম্মদপুর পূর্বপাড়া গাজী বাড়ির দুলাল মিয়ার কন্যা তানজিনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। শনিবার দুপুরে বাড়ির লোকজনদের অগোচরে তানজিনা নিজ কক্ষে প্রবেশ করে দরজা, জানালা আটকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।

রবিউল্লাহর বড় ভাইয়ের স্ত্রী বিষয়টি টের পেয়ে এ সময় ডাকাডাকি করেও দরজা খুলতে ব্যর্থ হওয়ার পর একপর্যায়ে দরজাটি ভেঙ্গে তানজিনার ঝুলন্ত লাশ দেখতে পান।

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রতিবেশী জানান, শনিবার সকালে স্বামী রবিউল রাজ মিস্ত্রির কাজে একই উপজেলার মোকাম ইউনিয়নের আবিদপুর গ্রামের উদ্দেশে বাড়ি থেকে বের হওয়ার পর স্ত্রী তানজিনা তার শাশুড়ির মোবাইল ফোনে দীর্ঘ সময় একজনের সঙ্গে কথা বলেন। পরে ওই নাম্বারটি মুছে ফেলে ফেরত দেন।

বিষয়টি বুড়িচং থানার দেবপুর ফাঁড়ি পুলিশে জানালে বিকালে এসআই জিয়াউদ্দিনের নেতৃত্বে একটি দল এসে সুরুতহাল করে দেবপুর ফাঁড়িতে নিয়ে যায়। রোববার সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে বাদ মাগরিব স্বামীর বাড়িতে দাফন করা হয়।

বুড়িচং থানার ওসি মো. মোজাম্মেল হক জানান, ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর আইনানুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360