ঈদের আগেরদিন একই পরিবারের ৩ জনকে হত্যা - Shera TV ঈদের আগেরদিন একই পরিবারের ৩ জনকে হত্যা - Shera TV

ঈদের আগেরদিন একই পরিবারের ৩ জনকে হত্যা

বরিশাল ব্যুরো:

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় ঘর থেকে এক দম্পতি ও তাদের শিশু সন্তানের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে উপজেলার ২নং ধানীসাফা ইউনিয়নের ধানীসাফা গ্রামের একটি বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- ধানীসাফা গ্রামের প্রয়াত রত্তন হাওলাদারের ছেলে আয়নাল হক হাওলাদার (৩৫), তার স্ত্রী খুকুমনি (২৫) এবং শিশু কন্যা আসফিয়া (৩)। আয়নাল পেশায় মিশুক চালক ছিলেন।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ চারজনকে আটক করেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, এক সময়ের ব্রুনাই প্রবাসী আয়নাল নিজের বাড়ির আধা কিলোমিটার দূরে মোজাম্মেল হকের ঘর ভাড়া নিয়ে থাকতেন। বৃহস্পতিবার রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা তাদের হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে শুক্রবার দুপুরে পিবিআই পিরোজপুরের পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম ও মঠবাড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোস্তফা স্বপন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.জ.ম মাসুদুজ্জামান মিলু জানান, পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360