পরপারে পাড়ি জমালেন দেশের প্রথম নারী আলোকচিত্রী - Shera TV পরপারে পাড়ি জমালেন দেশের প্রথম নারী আলোকচিত্রী - Shera TV

পরপারে পাড়ি জমালেন দেশের প্রথম নারী আলোকচিত্রী

নিজস্ব প্রতিবেদক:

দেশের প্রথম নারী আলোকচিত্রী একুশে পদকপ্রাপ্ত সাইদা খানম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (১৭ আগস্ট) দিনগত রাত তিনটায় তিনি মারা যান। সাইদা খানমের বয়স হয়েছিল ৮২ বছর।

মঙ্গলবার বনানী কবরস্থানে মায়ের কবরের পাশে তাকে সমাহিত করা হবে।

সাইদা খানম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্য ও লাইব্রেরি সায়েন্সে মাস্টার্স করেন। বাবা আবদুস সামাদ খান, মা নাছিমা খাতুন। পৈতৃক বাড়ি ফরিদপুরের ভাঙ্গায় হলেও জন্ম পাবনায়, ১৯৩৭ সালের ২৯ ডিসেম্বর। স্থিরচিত্রী হিসেবে শুরু করেন কাজ। সেই সময় পূর্ব বাংলায় (বর্তমান বাংলাদেশ) তিনিই ছিলেন একমাত্র ও প্রথম নারী আলোকচিত্রী।

বেগম পত্রিকার মাধ্যমে সাইদা খানম আলোকচিত্র সাংবাদিক হিসেবে কাজ শুরু করেন। তার ছবি ছাপা হয় অবজারভার, মর্নিং নিউজ, ইত্তেফাক, সংবাদসহ বিভিন্ন পত্রিকায়। আলোকচিত্রী হিসেবে দেশে ও দেশের বাইরে বিভিন্ন আন্তর্জাতিক সেমিনারে অংশ নেন তিনি। অস্কারজয়ী সত্যজিৎ রায়ের তিনটি ছবিতে আলোকচিত্রী হিসেবেও কাজ করেন তিনি।

জাপানে ইউনেসকো অ্যাওয়ার্ড, অনন্যা শীর্ষ দশ পুরস্কার, বেগম পত্রিকার ৫০ বছর পূর্তি পুরস্কার, বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটির সম্মানসূচক ফেলোসহ বিভিন্ন পুরস্কার ও স্বীকৃতি পান তিনি। ছবি তোলার পাশাপাশি লেখালেখিও করতেন তিনি। ‘ধূলোমাটি’, ‘আমার চোখে সত্যজিৎ রায়’, ‘স্মৃতির পথ বেয়ে’, ‘আলোকচিত্রী সাইদা খানম-এর উপন্যাসত্রয়ী’ তার উল্লেখযোগ্য বই।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360