৭০০০ কোটি টাকায় মেসিকে কিনবে না কেউ! - Shera TV ৭০০০ কোটি টাকায় মেসিকে কিনবে না কেউ! - Shera TV

৭০০০ কোটি টাকায় মেসিকে কিনবে না কেউ!

স্পোর্টস ডেস্ক:

বাই আউট ক্লজের ৭০০ মিলিয়ন ইউরো (বাংলাদেশি মূদ্রায় ৭ হাজার কোটি টাকা) পরিশোধ করেই মেসিকে কিনে নিতে হবে অন্য ক্লাবের। – এমন দাবিতে অটল ক্লাব বার্সেলোনা।

মেসির সঙ্গে চুক্তিপত্রও তাই বলেছে। নিয়মানুযায়ী, প্রতি মৌসুমের শেষে জুনের ১০ তারিখের মধ্যে ক্লাবকে কিছু না জানানোয় মেসির ফ্রি ট্রান্সফারের সুযোগ থাকছে না।

যদিও এর মধ্যেও একটি ‘কিন্তু’ খুঁজে বের করেছেন মেসির আইনজীবী।

করোনার কারণে মৌসুম দীর্ঘায়িত হয়ে আগস্টের শেষ সপ্তাহে এসে ঠেকেছে বিধায়, সঠিক সময়েই মেসি ফ্রি টান্সফার চাইছেন বলে দাবি করেছেন তিনি।

আর এমন তর্কযুদ্ধের মধ্যেই মেসির বার্সা ছাড়ার প্রসঙ্গ নিয়ে নিজের মত জানালেন রিয়াল মাদ্রিদের সাবেক প্রেসিডেন্ট র‌্যামন ক্যালদেরন।

তিনি বলেছেন, ‘আমি নিশ্চিৎ কোনো ক্লাবই মেসিকে ৭০০ মিলিয়ন খরচ করে কিনে নেবে না, অন্তত এখন তো নয়ই।’

এর ব্যাখ্যাও দিয়েছেন তিনি।

এক স্প্যানিশ সংবাদমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে র‌্যামন বলেছেন, মেসিকে দলে নিতে পারবে, এমন ক্লাবের প্রেসিডেন্ট হতে পারলে আমিও আনন্দিত হতাম। কিন্তু তার বয়স এখন ৩৩। বড়জোড় আরও ৩-৪ বছর নিজের সেরা সময় থাকবেন মেসি। তাই ট্রান্সফার ফির বিষয়টা নিয়ে আরও চিন্তাভাবনা করা উচিত।

র‌্যামন আরও বলেন, আমি নিশ্চিত মেসি বার্সেলোনা ছেড়ে যাবে না। তারা একটি সমঝোতামূলক সিদ্ধান্তে পৌঁছে যাবে। একসঙ্গে ২০ বছর কাটানো ক্লাবকে এভাবে ছেড়ে চলে যাওয়া যায় না। তাছাড়া মেসি বার্সেলোনার প্রতিচ্ছবি। সে নিজের সেরাটা দিয়েছে, আবার বার্সেলোনাও তাদের সবটুকু দিয়েছে মেসিকে। তারা একসঙ্গে অনেক শিরোপা জিতেছে, মেসি নিজেও ছয়টি ব্যালন ডি অর জিতেছে। তাই আমার বিশ্বাস বার্সা প্রেসিডেন্ট বার্তেমেউ কোনো আইনি ঝামেলায় জড়াবে না। সে শান্ত প্রকৃতির মানুষ। নিশ্চিতভাবেই সেরা সমাধান খোঁজার চেষ্টা করবে সে।

তথ্যসূত্র: গোল ডট কম

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360