যেভাবে রাঁধবেন মাখনে মাখামাখি ইলিশ - Shera TV যেভাবে রাঁধবেন মাখনে মাখামাখি ইলিশ - Shera TV

যেভাবে রাঁধবেন মাখনে মাখামাখি ইলিশ

লাইফস্টাইল ডেস্ক:

ইলিশ মাছ খাওয়ার ধরন অনেক। ভাজা ইলিশ, সর্ষে ইলিশ, ভাপা ইলিশ, দই ইলিশ, পটল ইলিশ, ইলিশ পোলাও এ রকম ৫০ রকমের রন্ধন প্রণালী রয়েছে ইলিশ দিয়ে। এর সঙ্গে আছে ইলিশের ডিমও। যা অনেকের কাছে বেশ প্রিয়। ইলিশের পদ খেতে ভালবাসে না এমন বাঙালি কিন্তু খুঁজে পাওয়া ভার। ইলিশের নানা কন্টিনেন্টাল পদও কিন্তু রয়েছে। এমনই একটি পদে তাক লাগিয়ে দিতে পারেন আপনিও। রইল মাখনে মাখামাখি ইলিশের রেসিপি। মাখনের সঙ্গে এই পদ রান্নায় ব্যবহার করা হয়েছে মৌরি এবং দইও। তাই এটি সহজপাচ্যও বটে।

উপকরণ

মাছ: চার টুকরো

ম্যারিনেশনের জন্য

লাল মরিচের গুঁড়া: ১ চা চামচ

আদা, রসুন বাটা: ১ চা চামচ

দই: ৫০০ গ্রাম

লবণ: স্বাদ মতো

গ্রেভির জন্য

সাদা মাখন: ২০০ গ্রাম

কালো জিরা: ১/২ চামচ

টোমেটো পিউরি: ৫০০ গ্রাম

চিনি: ১/২ চা চামচ

লাল মরিচের গুঁড়া: ১ চা চামচ

লবণ: স্বাদ মতো

ফ্রেশ ক্রিম: ১০০ গ্রাম

মৌরি: ১/২ চা চামচ (থেঁতো করা)

প্রণালি

একটা বাটিতে আদা, রসুন বাটা, দই, লবণ ও লাল মরিচের গুঁড়া মিশিয়ে নিন। ভাল করে ধুইয়ে রাখা ইলিশ মাছে এই মিশ্রণ মাখিয়ে অনেকক্ষণ রেখে দিতে হবে। ফ্রিজে কমপক্ষে ২ ঘণ্টা রাখুন। ম্যারিনেট করা ইলিশ তন্দুর বা ওভেনে সেঁকে নিন যতক্ষণ না তিন চতুর্থাংশ সিদ্ধ হয়ে আসছে।

কড়াইতে সাদা মাখন গরম করুন। এর মধ্যে টমেটো‌ পিউরি দিন। ২-৩ মিনিট নেড়ে জিরা, চিনি, লাল মরিচের গুঁড়া ও লবণ দিন। ভাল করে মিশিয়ে ম্যারিনেট করা মাছের টুকরোগুলো দিন। সাদা মাখন, ফ্রেশ ক্রিম, কাঁচা মরিচ, থেঁতো মৌরি দিয়ে ৩-৪ মিনিট নেড়ে ঢাকা দিয়ে দিন। মাখনে সাঁতলে নেওয়া কালো জিরা-শুকনো মরিচ পোড়া ও কাঁচা মরিচ সহযোগে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন মাখনে মাখামাখি ইলিশ।

 

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360