সেরা টেক ডেস্ক:
হুয়াওয়ের ওপর ২০১৯ সালে মার্কিন নিষেধাজ্ঞা জারির পর থেকে কোম্পানিটির শীর্ষ কর্মকর্তারা গুগলের সঙ্গে সম্পর্ক ঠিক করতেই বেশি আগ্রহ দেখিয়েছেন। কিন্তু এখন তারা গুগলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার কথা সামনা-সামনি বলছেন।
তারই ধারাবাহিকতায় ইতিমধ্যে হুয়াওয়ে তাদের নতুন ফোনে গুগল মোবাইল সার্ভিস (জিমেইল, ইউটিউব, গুগল ম্যাপস, প্লে স্টোর, ইত্যাদি) এর পরিবর্তে হুয়াওয়ে মোবাইল সার্ভিস (নিজস্ব অ্যাপ স্টোর, ম্যাপস, অ্যাসিস্ট্যান্ট, মোবাইল ক্লাউড, ইত্যাদি) প্রতিষ্ঠায় অনেকটাই সফলতা পেয়েছে।
আর এবার হুয়াওয়ের ফোনে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের (ওএস) জায়গা কোম্পানিটির নিজস্ব হারমোনি অপারেটিং সিস্টেম নিতে পারে বলে ইঙ্গিত দিয়েছে।
সম্প্রতি এক খবরে জানা যাচ্ছে, ২০২১ সালেই নিজেদের অপারেটিং সিস্টেম নির্ভর ফোন বাজারে আনবে হুয়াওয়ে। এ ছাড়া নিজেদের অ্যাপ গালারিও প্রায় প্রস্তুত করে ফেলেছে তারা। যেখানে বিশ্বের হাজার হাজার ডেভেলপার বিভিন্ন অ্যাপ বানানো শুরু করেছেন।
গুগল ইকোসিস্টেম ব্যবহার না করতে পারার ফলে মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে হুয়াওয়ের ব্যবসা। তাই পরিস্থিতি সামাল দিতে সাহসী পদক্ষেপ নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিলো না চীনের এক নম্বর স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানের।
গত বছরের আগস্ট মাসে হারমোনি অপারেটিং সিস্টেম তৈরির ঘোষণা দেয় হুয়াওয়ে। তখনই এই পদ্ধতি প্রস্তুত করে ফেলেছিলো তারা। ফলে বাজার বিশ্লেষকরা মনে করেছিলেন, হুয়াওয়ে সম্ভবত দ্রুতই এই পদ্ধতির ফোন বাজারে আনবে। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি।
হুয়াওয়ে জানিয়েছে, হারমোনি অপারেটিং সিস্টেমটি শুধুমাত্র স্মার্টফোনের জন্য নয়, বরং স্মার্টওয়াচ, স্মার্ট স্পিকার, স্মার্টহোম, গাড়ি এবং অন্যান্য ডিভাইসের জন্য প্রস্তুত করা হচ্ছে। ফলে এটি বাজারে ছাড়তে আরো একটু সময় লাগবে। আর এই পদ্ধতিতে কোনো ডিভাইসের র্যাম সামান্য হলেই চলবে। কিন্তু অভ্যন্তরীণ মেমোরি লাগবে অনেক বেশি।
হারমোনি অপারেটিং সিস্টেমটি বাজারে প্রচলিত সিস্টেমগুলোর মতো হবে না। বরং এটি একেবারে নতুন ধরনের একটি পদ্ধতি, যা ব্যবহারকারিদের দিবে নতুনত্বের স্বাদ। আপাতত হুয়াওয়ের কিছু টিভি সেটে এই পদ্ধতিটি ব্যবহৃত হচ্ছে।
চলতি মাসেই হারমোনি অপারেটিং সিস্টেম নির্ভর কিছু ফোনের প্রদর্শনীর আয়োজন করবে হুয়াওয়ে। তবে এই পদ্ধতির নতুন ফোন সাধারণ ক্রেতাদের জন্য বাজারে আসবে আগামী বছর, নিশ্চিত করেছেন হুয়াওয়ের একজন উর্ধ্বতন কর্মকর্তা।
ঠিক কী কারণে হুয়াওয়ে এখনই নতুন পদ্ধতির ফোন বাজারে আনছে না, তা স্পষ্ট নয়। তবে একটি সূত্র দাবি করেছে, গুগলের সাথে হুয়াওয়ের সমস্ত চুক্তি এখনো শেষ হয়নি। তারা দাবি করেছে, গুগল ও হুয়াওয়ের এমন একটি চুক্তি এখনো বহাল, যার কারণে হুয়াওয়ে নতুন অপারেটিং সিস্টেম বাজারে ছাড়তে পারছে না।
সেরা নিউজ/আকিব