অনুশীলনে ঘাম ঝরিয়ে নিউইয়র্কে ফিরছেন সাকিব - Shera TV অনুশীলনে ঘাম ঝরিয়ে নিউইয়র্কে ফিরছেন সাকিব - Shera TV

অনুশীলনে ঘাম ঝরিয়ে নিউইয়র্কে ফিরছেন সাকিব

স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশের আসন্ন শ্রীলঙ্কা সফর স্থগিত হয়ে যাওয়ায় সাকিব আল হাসানেরও আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অপেক্ষা বাড়ল। কেননা লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট খেলতে যাওয়ার কথা ছিল টাইগারদের।

আর একই সময় আইসিসির এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে সাকিবও খেলায় ফিরতে পারতেন এ সিরিজে। তবে স্থগিত হওয়ায় এখন যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছেন দেশ সেরা এই অলরাউন্ডার।

ভারতীয় জুয়াড়ির ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করার অপরাধে ২০১৯ সালের অক্টোবরে এক বছরের জন্য ক্রিকেটীয় সকল কার্যক্রম থেকে নিষিদ্ধ হন সাকিব আল হাসান। সেই হিসেবে চলতি বছরের ২৯ অক্টোবর থেকে নিষিধাজ্ঞা মুক্ত হবেন তিনি। যার ফলে শ্রীলঙ্কা সফরে প্রথম টেস্টে খেলতে না পারলেও দ্বিতীয় টেস্ট থেকে সাকিবকে দলে দেখা যাওয়ার ঈঙ্গিত দিয়েছিলেন বিসিবি সভাপতি।

শ্রীলঙ্কা সফরে জাতীয় দলের জার্সি গায়ে আবারও মাঠে ফেরার আশায় নিজেকে প্রস্তুত করতে ১ সেপ্টেম্বর (মঙ্গলবার) দিবাগত রাতে দেশে ফিরেন সাকিব আল হাসান। এরপর করোনা পরীক্ষা দিয়ে ৫ সেপ্টেম্বর (শনিবার) থেকে বিকেএসপিতে অনুশীলন শুরু করেন তিনি।

৫ থেকে ৩০ সেপ্টেম্বর, অর্থাৎ গত ২৫ দিন বিকেএসপিতে অনুশীলন করেছেন সাকিব। অনুশীলনে সাকিবের সঙ্গে ছিলেন শৈশবের কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তবে বাংলাদেশ ক্রিকেট দলের আপাতত কোনো আন্তর্জাতিক সূচি না থাকায় যুক্তরাষ্ট্রে থাকা স্ত্রী-সন্তানদের কাছে ফিরে যাচ্ছে সাকিব আল হাসান। আজ দিবাগত ভোর রাত ৩.৪৫ মিনিটে যুক্তরাষ্ট্রের ফ্লাইট ধরবেন তিনি।

এদিকে শ্রীলঙ্কার ‘লঙ্কা প্রিমিয়ার লিগ’-এলপিএলের নিলাম নাম রয়েছে সাকিবের। তবে বিসিবি ইতোমধ্যে জানিয়ে দিয়েছে, ‘এলপিএলে বাংলাদেশের ক্রিকেটারদের খেলার অনুমতি দেওয়া সম্ভাবনা নেই।’ তবে নিষেধাজ্ঞা মুক্ত হওয়ার পর সাকিব দেশের ঘরোয়া ক্রিকেটে খেলতে পারবেন।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360