শুক্রবার থেকে ইন্টারনেটে হতে পারে ধীরগতি - Shera TV শুক্রবার থেকে ইন্টারনেটে হতে পারে ধীরগতি - Shera TV

শুক্রবার থেকে ইন্টারনেটে হতে পারে ধীরগতি

স্টাফ রিপোর্টার:
সাবমেরিন ক্যাবলের মেরামতের জন্য দেশে শুক্রবার (৩০ অক্টোবর) থেকে ইন্টারনেটের গতি কিছুটা কম থাকতে পারে। ইন্টারনেট সেবাদাতা বিভিন্ন প্রতিষ্ঠান তাদের গ্রাহকদের ই-মেইলের মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

ইন্টারনেট সেবা প্রতিষ্ঠানগুলোর মুখপাত্র প্রতিষ্ঠান আইএসপিএবি’র জেনারেল সেক্রেটারি ইমদাদুল হক গণমাধ্যমকে জানান, কোনো কোনো আইআইজি বিকল্প পথে ভারতের চেন্নাই হয়ে সিঙ্গাপুরের সঙ্গে সংযুক্ত হয়। সেখানে ভারতীয় এয়ারটেলের পরিচালনায় থাকা যে সাবমেরিনটি আছে সেটিই মেরামত করা হচ্ছে। যারা বাংলাদেশে ওই আইআইজি ক্যাবলটি ব্যবহার করেন তারা কিছুটা ধীরগতির মুখে পড়বেন।

ভারতীয় এয়ারটেল লিমিটেডের গ্লোবাল সার্ভিসেস ম্যানেজমেন্ট সেন্টার বুধবার (২৮ অক্টোবর) বাংলাদেশে তাদের সহযোগী প্রতিষ্ঠানকে ই-মেইলে জানিয়েছে, তাদের আইটুআই সাবমেরিন ক্যাবলের পরিবর্তন ও রক্ষণাবেক্ষণ কাজ শুরু হওয়ায় ইন্টারনেট সেবায় এই বিঘ্ন ঘটবে। এ রক্ষণাবেক্ষণ কার্যক্রম ৩০ অক্টোবর থেকে শুরু হয়ে ২ নভেম্বর পর্যন্ত চলতে পারে। ফলে ৪ দিন নাগাদ এ সমস্যা চলতে পারে।

উল্লেখ্য বাংলাদেশে ১০ কোটিরও বেশি মানুষ ইন্টারনেট ব্যবহার করেন। করোনা সংকট মোকাবিলা করে দেশের অর্থনীতির স্বাভাবিক গতি ধরে রাখতে সারাবিশ্বই নির্ভর করছে অনলাইন যোগাযোগের ওপর।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360