সেরা বিনোদন ডেস্ক:
বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি। ২০১২ সালে ‘ভালোবাসার রং’- শিরোনামের একটি চলচ্চিত্রের মধ্য দিয়ে বড় পর্দায় আসেন তিনি। এরইমধ্যে ক্যারিয়ারে বেশকিছু ব্যবসা সফল ছবি উপহার দিয়েছেন এই অভিনেত্রী। তবে এই অভিনেত্রী তার কাজ নিয়ে পুরো সন্তুষ্ট হতে পারছেন না। সেই ইঙ্গিত দিলেন সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে। নিজের সঙ্গে কী হচ্ছে-এমন একটি পোস্ট করেন নিজের ভেরিফাইড পেজে তিনি। সেখানে তিনি লেখেন-গল্প ভালো তো ডিরেক্টর কেমন যেন, গল্প আর ডিরেক্টর ভালো তো হিরোটা কেমন যেন, এইবার হিরো আর ডিরেক্টর ভালো কিন্তু গল্প ভোগাস। কী হচ্ছে আমার সঙ্গে।
মাহির এই পোস্টে নেটিজেনদেরও নানা রকম মন্তব্য দেখা যায়। তাদের কেউ কেউ মাহিকে নিয়েও সমালোচনা করেন। এদিকে সম্প্রতি শাকিব খানের বিপরীতে ‘নবাব এলএলবি’- শিরোনামের একটি চলচ্চিত্রের শুটিং শেষ করেছেন তিনি। এটি পরিচালনা করেছেন অনন্য মামুন। এরইমধ্যে এই ছবির টাইটেল গানের টিজার প্রকাশ হয়েছে। এ ছাড়া তার হাতে আছে মোস্তাফিজুর রহমান মানিকের ‘আশীর্বাদ’- শিরোনামের আরো একটি সিনেমা।
সেরা নিউজ/আকিব