১১ দিনেই 'সানগ্লাস' এর ৫০ লাখ - Shera TV ১১ দিনেই 'সানগ্লাস' এর ৫০ লাখ - Shera TV

১১ দিনেই ‘সানগ্লাস’ এর ৫০ লাখ

বিনোদন ডেস্ক:

রোমান্টিক তারকা জুটি আফরান নিশো ও মেহজাবিন। তাদের নাটক মানেই প্রেম, রোমান্সে ভরপুর- এটা রীতিসিদ্ধ! বিস্ময়ের বিষয় হলো, এই জুটি থাকা সত্ত্বেও ‘সানগ্লাস’ নামের একটি নতুন নাটকে প্রেমের ছিটেফোঁটাও নেই!

এমনটাই জানালেন আলোচিত নির্মাতা কাজল আরেফিন অমি। নতুন এই নাটক নিয়ে এই নির্মাতা বলেন, ‘নাটকে রোমান্স বা প্রেমের ‘প’-ও নেই। আছে ভরপুর কমেডি!’

মাসুদ উল হাসানের প্রযোজনায় মোশন রক এন্টারটেইনমেন্ট ব্যানারে নির্মিত ‘সানগ্লাস’ নাটক নিয়ে পরিচালক জানান, এই নাটকে নিশো-মেহজাবিন ছাড়াও বাড়তি চমক হিসেবে থাকছেন জিয়াউল হক পলাশ। অমি বলেন, দু-দিন শুটিং করেছি। নিশো ভাইয়ের বাবা কিছুটা অসুস্থ থাকাকালীন এই নাটকটি শুটিং হয়েছে। কাজের প্রতি তার আন্তরিকতা আমার ইউনিটের সবাইকে মুগ্ধ করেছ।

নাটকের গল্পে দেখা যাবে, আফরান নিশোর সানগ্লাস ভীষণ পছন্দ। তার সংগ্রহে রয়েছে বিভিন্ন সানগ্লাস। তবে আর্থিকভাবে দুর্বল হওয়ায় নিশোর সানগ্লাস গুলোর দাম কম! অন্যদিকে, মেহজাবিন আইফোন পাগল মেয়ে! ঘুমাতে গেলেও আইফোন ১১ নিয়ে ঘুমায়! ঘটনা ক্রমে পলাশের কাছ থেকে অনলাইনের মাধ্যমে অনেক দামি এক সানগ্লাস কেনেন নিশো। ওই সানগ্লাসের মাধ্যমে মেহজাবিনের সঙ্গে পরিচয়! এরপরেই জমে উঠে গল্প!

গত ৫ নভেম্বর মোশন রক এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে সানগ্লাস নাটকটি প্রকাশ করা হয়। প্রকাশের পর নেট দুনিয়ায় আলোড়ন তোলে ‘সানগ্লাস’। মাত্র ১১ দিনেই নাটকটি অতিক্রম করে ৫০ লাখ ভিউর মাইলফলক।

নাটকটির প্রযোজক মাসুদুল হাসান জানালেন, নাটকটির গল্পে ভিন্নতা পেয়েছেন দর্শক। রোমান্সের কিংবা প্রেমের না রেখেও যে জুটি প্রধান নাটক নির্মাণ করা যায় ‘সানগ্লাস’ এটাই প্রমাণ করে এবং এই ধরণের নাটক দর্শক গ্রহণও করে।


সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360