চিত্রার আত্মহত্যার ঘটনায় প্রেমিক গ্রেফতার - Shera TV চিত্রার আত্মহত্যার ঘটনায় প্রেমিক গ্রেফতার - Shera TV

চিত্রার আত্মহত্যার ঘটনায় প্রেমিক গ্রেফতার

বিনোদন ডেস্ক:

কিছুদিন আগেই ব্যবসায়ী হেমন্ত রাওয়ের সঙ্গে বিয়ের বাগদান সম্পন্ন হয়েছিল তার। দক্ষিণ ভারতীয় ছবির দুনিয়ায় তিনি খুবই জনপ্রিয়। হাতেও ছিল প্রচুর কাজ। সেই অভিনেত্রীর রহস্যজনক মৃত্যুতে শুরু হয়েছে বিতর্ক।

ভারতীয় গণমাধ্যমগুলো দাবি করছে, প্রেমিক হেমন্তের উপস্থিতিতে ৯ ডিসেম্বর চেন্নাইয়ের নাজরেথপেট্টাই এলাকার একটি হোটেলে আত্মহত্যা করেন বিখ্যাত অভিনেত্রী ও ভিজে চিত্রা। তার বয়স হয়েছিল মাত্র ২৮ বছর। হোটেল থেকেই পুলিশ তার মরদেহ উদ্ধার করে। এটি পরিকল্পিত হত্যা না আত্মহত্যা তা নিয়ে চলছে আলোচনা।

এদিকে অভিনেত্রীকে আত্মহত্যায় প্ররোচিত করায় তার হবু স্বামীকে গ্রেফতার করেছে চেন্নাই পুলিশ। চিত্রার মায়ের দাবি, তার মেয়েকে পিটিয়ে খুন করেছে হেমন্ত। যদিও ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী, চিত্রার মৃত্যুর কারণ আত্মহত্যা বলেই দাবি করা হয়েছে।

তদন্তকারীদের সূত্রে খবর, পর্দায় চিত্রার ঘনিষ্ঠ দৃশ্য করা নিয়ে ঘোরতর আপত্তি ছিল প্রেমিকের। সেই নিয়ে অনেক দিন ধরেই তাদের মধ্যে বাগবিতণ্ডা চলছিল।

আনন্দবাজার সূত্রে জানা গেছে, অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার সুদর্শন সংবাদ সংস্থাকে বলেন, যেদিন চিত্রার মৃত্যু হয়, সেদিন হেমন্ত তাকে ধাক্কাধাক্কি করেছিলেন। পুলিশ সূত্রে আরও খবর, গ্রেফতার করার আগে কয়েক দিন ধরে হেমন্তকে জেরা করা হচ্ছিল। হেমন্ত ছাড়া চিত্রার বন্ধু ও সহকর্মীদেরও জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

প্রসঙ্গত, চিত্রা তামিল ইন্ডাস্ট্রিতে বেশ কয়েকটি চ্যানেলে উপস্থাপক হিসেবে কাজ করেছিলেন। তার শেষ কাজ ‘পান্ডিয়া স্টোর্স’ ধারাবাহিকে। তার অভিনীত চরিত্র ‘মল্লাই’ তাকে প্রচারের আলোয় নিয়ে এসেছিল। সোশ্যাল মিডিয়ায়ও সক্রিয় ছিলেন চিত্রা। ইনস্টাগ্রামে তার দেড় মিলিয়নেরও বেশি ফলোয়ার রয়েছে। চিত্রা শেষ ইনস্টাগ্রাম পোস্ট করেন ১৪ ঘণ্টা আগে।

সেরা টিভি/আকিব

 

Developed BY: Shera Digital 360