মিয়ানমারে সামরিক সরকার গঠন, মন্ত্রী পরিষদে অধিকাংশই সেনা কর্মকর্তা - Shera TV মিয়ানমারে সামরিক সরকার গঠন, মন্ত্রী পরিষদে অধিকাংশই সেনা কর্মকর্তা - Shera TV

মিয়ানমারে সামরিক সরকার গঠন, মন্ত্রী পরিষদে অধিকাংশই সেনা কর্মকর্তা

অনলাইন ডেস্ক:

মিয়ানমারে সেনাবাহিনী ক্ষমতা দখলের প্রথমে দিনেই ক্ষমতাচ্যুত অং সান সুচির সরকারের অধিকাংশ সদস্যকে বরখাস্ত করে নতুন লোক নিয়োগ করেছে।

বার্তা সংস্থা রয়টর্স এবং বিবিসি বার্মিজ বিভাগের বরাতে বিবিসি বাংলা জানায়, সুচি সরকারের ২৪ জন মন্ত্রী, উপমন্ত্রী এবং প্রতিমন্ত্রীকে বরখাস্ত করা হয়েছে। সেই সঙ্গে নতুন ১১ জন মন্ত্রী নিয়োগ করা হয়েছে। দেশটির সেনাবাহিনী পরিচালিত টেলিভিশনে নতুন এসব নিয়োগের ঘোষণা দেওয়া হয়।

নতুন মন্ত্রীদের অধিকাংশই সিনিয়র সেনা কর্মকর্তা। কয়েকজন রয়েছেন সেনা সমর্থিত দল ইউএসডিপির সদস্য। ইউএসপিডির অন্যতম নেতা উনা মং লউনকে পররাষ্ট্রমন্ত্রী হিসাবে নিয়োগ করা হয়েছে। জানা জায়, তিনি গত নভেম্বরের নির্বাচনে হেরে যান।

এদিকে ক্ষমতা দখল করে মিয়ানমারে এক বছরের জরুরি অবস্থা জারির পর দেশটির সেনাবাহিনী বলেছে, জরুরি অবস্থা শেষে তারা একটি সাধারণ নির্বাচন আয়োজন এবং বিজয়ী দলের কাছে ক্ষমতা হস্তান্তর করবে।

সোমবার সকালে মিয়ানমারের নেত্রী অং সান সু চি এবং ক্ষমতাসীন দলের জ্যেষ্ঠ নেতাদের আটক করার পর জরুরি অবস্থা জারির মধ্য দিয়ে দেশটির নিয়ন্ত্রণ নেয় সেনাবাহিনী।

সেনাবাহিনীর ঘোষণায় বলা হয়, গত নির্বাচনে ‘জালিয়াতির’ ঘটনায় সরকারের জ্যেষ্ঠ নেতাদের আটক করা হয়েছে। জরুরি অবস্থা জারি করে মিয়ানমারের ক্ষমতা দেওয়া হয়েছে সশস্ত্র বাহিনীর প্রধান সেনাবাহিনীর সিনিয়র জেনারেল মিং অং লাইংয়ের হাতে।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360