ডায়াবেটিসে আক্রান্ত দেশের ১৭ হাজার শিশু - Shera TV ডায়াবেটিসে আক্রান্ত দেশের ১৭ হাজার শিশু - Shera TV

ডায়াবেটিসে আক্রান্ত দেশের ১৭ হাজার শিশু

স্টাফ রিপোর্টার:
আমাদের দেশের অধিকাংশ মানুষের ধারণাই নেই যে শিশুদেরও ডায়াবেটিস হতে পারে। অনেকের ধারণা শুধু বড়দেরই ডায়াবেটিস হয়। কিন্তু আন্তর্জাতিক ডায়াবেটিক ফেডারেশনের (আইডিএফ) তথ্য অনুযায়ী, বাংলাদেশে মোট ১৭ হাজার শিশু ডায়াবেটিসে আক্রান্ত। এর মধ্যে ৮০ শতাংশ টাইপ-১ এবং ২০ শতাংশ টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত।

বিশেষজ্ঞরা বলছেন, সর্বশেষ ২০১৯ সালের পরিসংখ্যান অনুযায়ী, ডায়াবেটিস নিয়ে যত শিশু এসেছে, তার শতকরা ২০ ভাগ শিশু টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত। যা গত ২০ বছর আগে আমাদের জানা ছিল না। তবে রাজধানীর বারডেম জেনারেল হাসপাতালের তথ্য বলছে, কেবল ৭ হাজার ৮০০ ডায়াবেটিসে আক্রান্ত শিশুর তালিকা আছে। যাদের বয়স শূন্য থেকে ১৬ বছর পর্যন্ত। প্রতি বছর নতুন করে যোগ হচ্ছে ৪০০ থেকে ৫০০ শিশু।

সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের টাইপ-১ ডায়াবেটিস কেন হচ্ছে, এর সঠিক কোনো কারণ এখন পর্যন্ত নির্ণয় হয়নি। তবে বিভিন্ন দেশের গবেষণায় দেখা গেছে, কোনো ক্ষেত্রে এটির জন্য জিনকে দায়ী করা হয়, আবার কিছু ক্ষেত্রে পরিবেশগত কারণ ও ভাইরাসের সংক্রমণকেও দায়ী করা হয়।

গবেষণায় দেখা গেছে, শিশুর জন্মের পর প্রথম তিন মাস বুকের দুধের পরিবর্তে গরুর দুধ খাওয়ালে, সেসব শিশুর টাইপ-১ ডায়াবেটিস হওয়ার আশঙ্কা আছে। যদি দ্রুত আমরা শিশুর টাইপ-১ ডায়াবেটিস শনাক্ত করতে না পারি, তাহলে শিশুর শ্বাসকষ্ট শুরু হবে এবং মৃত্যুও হতে পারে। অথচ শুধু ইনসুলিন শুরু করলেই সেই ভয়াবহ বিপদ থেকে শিশুকে রক্ষা করতে পারি।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360