বিদ্রোহী প্রার্থী হওয়ায় ও সমর্থনের দায়ে দুই মেয়র প্রার্থীসহ ১৪ জনকে আ'লীগ থেকে বহিষ্কার - Shera TV বিদ্রোহী প্রার্থী হওয়ায় ও সমর্থনের দায়ে দুই মেয়র প্রার্থীসহ ১৪ জনকে আ'লীগ থেকে বহিষ্কার - Shera TV

বিদ্রোহী প্রার্থী হওয়ায় ও সমর্থনের দায়ে দুই মেয়র প্রার্থীসহ ১৪ জনকে আ’লীগ থেকে বহিষ্কার

স্টাফ রিপোর্টার:

আসন্ন পৌরসভা নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ও সমর্থনের দায়ে বরিশালের মুলাদী ও বানারীপাড়া আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১৪ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

এ তালিকায় দুই বিদ্রোহী মেয়র প্রার্থীসহ আওয়ামী লীগ, শ্রমিক লীগ ও কৃষক লীগের নেতারা রয়েছেন। বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বহিষ্কৃতরা হলেন- অনুষ্ঠিতব্য মুলাদী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগ নেতা দিদারুল ইসলাম খান। তাকে সমর্থন করে বহিষ্কার হয়েছেন মুলাদী উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুর রব মুন্সী, পৌর আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন হিরণ হাওলাদার, মুলাদী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. ছালেহ উদ্দিন হাওলাদার, উপজেলা আওয়ামী লীগ নেতা মো. মশিউর রহমান টিপু, মো. মিজানুর রহমান হাওলাদার, মোসলেম উদ্দিন বয়াতী, মো. দেলোয়ার হোসেন হাওলাদার, এমএ আজিজ ও মো. আনোয়ার হোসেন তালুকদার।

অপরদিকে আসন্ন বানারীপাড়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হওয়ায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক মিন্টুকে বহিষ্কার করা হয়েছে। তাকে সমর্থনের দায়ে পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাহফুজুল হক মাছুম, পৌরসভার ১নং ওয়ার্ডের সভাপতি মো. হাবিবুর রহমান ও আওয়ামী লীগ নেতা ছাইয়েদুর রহমান ছাইয়েদকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কারাদেশে বলা হয়েছে- আসন্ন পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীদের বিপক্ষে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে বিদ্রোহী প্রার্থীকে সমর্থন করার দায়ে দুই প্রার্থীসহ ১৪ জনকে দলের সব পদ থেকে বহিষ্কার করা হলো।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360