ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ: নিহত ১ - Shera TV ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ: নিহত ১ - Shera TV

ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ: নিহত ১

স্টাফ রিপোর্টার:

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানার আরেফিন নগর এলাকায় দু’পক্ষের সংঘর্ষের সময় ছুরিকাঘাতে মো. ইমন নামে এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। রোববার রাতে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষ হয়।

নিহত ইমন আরেফিন নগর এলাকার নূর কাশেমের ছেলে। তিনি সদ্য ঘোষিত বায়েজিদ থানা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক শীলব্রত জানান, রোববার রাতে ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে সংঘর্ষে ইমনকে ছুরিকাঘাত করা হয়। তাকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।

বায়েজিদ থানার ওসি প্রিটন সরকার জানান, মারামারির জের ধরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের সময় কে বা কারা ইমনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থলে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।

গত ফেব্রুয়ারিতে বায়েজিদ বোস্তামী থানা ছাত্রলীগের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360