দেশে ২৪ ঘন্টায় নতুন শনাক্ত ২ হাজার ১৮৭ - Shera TV দেশে ২৪ ঘন্টায় নতুন শনাক্ত ২ হাজার ১৮৭ - Shera TV

দেশে ২৪ ঘন্টায় নতুন শনাক্ত ২ হাজার ১৮৭

স্টাফ রিপোর্টার:

দেশে প্রতিদিনিই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে ২ হাজার ১৮৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একই সময়ে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় মারা গেছে ১৬ জন।

দেশে এখন পর্যন্ত ৫ লাখ ৬৪ হাজার ৯৩৯ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৮ হাজার ৬২৪ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৮ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ হাজার ৫৩৪ জন কোভিড-১৯ রোগী সুস্থ হয়েছে। এ নিয়ে মোট সুস্থ হয়েছে ৫ লাখ ১৭ হাজার ৫২৩ জন।

সারাদেশে সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় ২১৯টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১১৮টি, জিন-এক্সপার্ট ২৯টি, র‌্যাপিড অ্যান্টিজেন ৭২টি। এসব ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ২১ হাজার ২১২টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ২০ হাজার ৯২৫টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৪৩ লাখ ৪৯ হাজার ১৯৪টি।

এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১০ দশমিক ৪৫ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১২ দশমিক ৯৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ৬১ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৫৩ শতাংশ।

বিজ্ঞপ্তিতে নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় মৃত ১৬ জনের মধ্যে ১২ জন পুরুষ ও চারজন নারী। এদের মধ্যে ঢাকা বিভাগে ১৩ জন, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা বিভাগে একজন করে তিনজন রয়েছেন। এদের মধ্যে সবাই হাসপাতালে মারা গেছেন।

মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরে ঊর্ধ্বে ১২ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে তিনজন রয়েছেন।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360