বোরকা নিষিদ্ধের ব্যাপারে যা বললেন শ্রীলঙ্কান প্রধানমন্ত্রী - Shera TV বোরকা নিষিদ্ধের ব্যাপারে যা বললেন শ্রীলঙ্কান প্রধানমন্ত্রী - Shera TV

বোরকা নিষিদ্ধের ব্যাপারে যা বললেন শ্রীলঙ্কান প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার:

মুসলিম নারীদের জন্য শ্রীলঙ্কায় বোরকা পরা নিষিদ্ধ করা হয়নি বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে। শুক্রবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে এক বৈঠকে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে এ তথ্য জানান।
বোরকা নিষিদ্ধের জন্য কিছু মহলের পক্ষ থেকে দাবি তোলা হলেও শ্রীলঙ্কার সরকার তা এখনো গ্রহণ করেনি বলেও জানান তিনি। এছাড়া শ্রীলঙ্কায় মুসলিমদের দাহ করা হচ্ছে বলে গণমাধ্যমে অপপ্রচার রয়েছে উল্লেখ করে মাহিন্দা রাজাপক্ষে জানান, মুসলিম রীতি অনুসারে সম্প্রতি ৩৯ জন মুসলিমকে সমাহিত করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বৈঠকে শ্রীলঙ্কার সঙ্গে স্বাক্ষরিত কিছু চুক্তি ও সমঝোতা স্মারক বাস্তবায়নের জন্য ড. মোমেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন এবং তা বাস্তবায়নের চেষ্টা করবে বলে সে দেশের প্রধানমন্ত্রী উল্লেখ করেন।

এছাড়া দু’দেশের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, উপকূলীয় নৌ-পথ চালু, অগ্রাধিকারমূলক বাণিজ্যচুক্তি, দ্বিপাক্ষিক বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা চুক্তি, বাংলাদেশি ওষুধ সামগ্রী শ্রীলঙ্কায় রপ্তানিসহ বিভিন্ন বিষয় আলোচনায় স্থান পায়। এসময় বাংলাদেশে তুরস্ক, যুক্তরাষ্ট্র ও ভারতের মতো শ্রীলঙ্কায় স্থায়ী দূতাবাস নির্মাণের অনুরোধ জানানো হয়। বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360