১৪ এপ্রিল থেকে কঠোর লকডাউন - Shera TV ১৪ এপ্রিল থেকে কঠোর লকডাউন - Shera TV

১৪ এপ্রিল থেকে কঠোর লকডাউন

স্টাফ রিপোর্টার:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ১৪ এপ্রিল থেকে সারাদেশে কঠোর লকডাউন শুরু হতে যাচ্ছে। এই লকডাউনে ১৪ এপ্রিল থেকে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও গার্মেন্টস-কারখানা বন্ধ থাকবে। গণপরিবহন বন্ধ থাকবে। তবে অ্যাম্বুলেন্স ও জরুরি সেবা চালু থাকবে।

শুক্রবার গণমাধ্যমকে এ তথ্য জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। প্রতিমন্ত্রী বলেন, ‌‘১৪ এপ্রিল থেকে দেশে জরুরি সেবা ছাড়া সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠান বন্ধ থাকবে। গার্মেন্টস কারখানা বন্ধ থাকবে। অ্যাম্বুলেন্স ছাড়া সকল গণপরিবহনও বন্ধ থাকবে।’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশেই কঠোর লকডাউন। করোনার ঊর্ধ্বগতি ঠেকানোর জন্য এর কোনো বিকল্প নেই।’

এর আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য সর্বাত্মক লকডাউনের বিষয়ে সরকার চিন্তা-ভাবনা করছে।

শুক্রবার সকালে সরকারি বাসভবন থেকে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে ওবায়দুল কাদের বলেন, দেশে করোনা সংক্রমণ ভয়াবহ রূপ নিয়েছে, লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ ও মৃত্যুর হার। সঙ্গে বাড়ছে জনগণের অবহেলা ও উদাসীনতা। এমতাবস্থায় সরকার জনস্বার্থে আগামী ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য সর্বাত্মক লকডাউনের বিষয়ে সক্রিয় চিন্তা-ভাবনা করছে।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360