ভোল বদলালেন মির্জা আব্বাস - Shera TV ভোল বদলালেন মির্জা আব্বাস - Shera TV

ভোল বদলালেন মির্জা আব্বাস

ডেস্ক রিপোর্ট:

বিএনপি নেতা এম ইলিয়াস আলী নিখোঁজের নয় বছর পর গতকাল শনিবার বিস্ফোরক তথ্য দিয়ে বক্তব্য দেওয়া দলটির স্থায়ী কমিটির প্রভাবশালী সদস্য মির্জা আব্বাস আজ রোববার সংবাদ সম্মেলন করেছেন ওই বক্তব্যের বিষয়ে।তিনি বলছেন, তার বক্তব্য বিকৃত করা হয়েছে। শনিবারের এক ভার্চুয়াল আলোচনায় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের উদ্ধৃতি দিয়ে রোববার বিকালে এক সংবাদ সম্মেলনে মির্জা আব্বাস অভিযোগ করে বলেন, বিভিন্ন গণমাধ্যমে ‘আমার বক্তব্য বিকৃত করা হয়েছে’।

মির্জা আব্বাস বলেন, একটি পত্রিকায় ছাপা হয়েছে- ইলিয়াস আলী গুমের জন্য বিএনপির কিছু নেতা দায়ী। এই কথা কি আমি বলেছি? কেউ কি প্রমাণ করতে পারবে? অসম্ভব, সম্ভব নয়। আমি স্পষ্ট করে বলতে চাই, আমার কথা বিকৃত করা হয়েছে।

তিনি বলেন, পত্রিকায় এসেছে- সরকার বা আওয়ামী লীগ ইলিয়াসকে গুম করে নাই- এই কথাও আমি বলিনি। আমার বক্তব্যকে বিকৃত করে পেচিয়ে লেখা হয়েছে, টুইস্ট করা হয়েছে। বিএনপির নেতারাই ইলিয়াস আলীকে গুম করেছে- এই কথাটা কি আমি বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য হয়ে আমার বক্তব্য দেওয়া সম্ভব? অর্থাৎ নিজের মাথায় নিজের বোমা ফুটানো- এটা সম্ভব না। এখানেও টুইস্ট করা হয়েছে।

মির্জা আব্বাস বলেন, আমি পরিষ্কার করে একটা কথা বলতে চাই, আমার সহজ-সরল পরিষ্কার মনের সরল উক্তিগুলোকে বিকৃত করে আমাদের যেসব সাংবাদিক ভাই্য়েরা যার যেখানে প্রয়োজন, আমার সম্পূর্ণ বক্তব্য যদি বলি তার একটা লাইন কোড করে, যার যেখান দিয়ে প্রয়োজন কেটে-ছিঁড়ে, পোস্ট মর্টেম করে, কাটপিছ করে ইচ্ছামতো লাগিয়ে দেওয়া হয়েছে। কী কারণে করা হয়েছে তা আমি জানি না। আজকে সকালে ইলিয়াস আলীর বাসায় গেছে একদল সাংবাদিক। তার স্ত্রীকে গিয়ে রীতিমতো চার্জ করেছে, বিভিন্ন প্রশ্ন করে হেনস্তা করার চেষ্টা করা হয়েছে। এটাই বা কেন? কী এমন ঘটনা ঘটল যে, হঠাৎ করে এই বিষয়টা নিয়ে এত মাথা ঘামাতে হবে?

সাংবাদিকদের উদ্দেশে মির্জা আব্বাস বলেন, গত ৯টি বছর ইলিয়াস গুম হওয়ার পরে কোনো পত্র-পত্রিকায় একটি দিবস পালন করেনি। সেই ইলিয়াস আলীর জন্য আজকে কেন সাংবাদিকদের মাথা খারাপ হয়ে গেল? আমি কোনো সাংবাদিককে দোষারোপ করছি না। দয়া করে সত্য বক্তব্যটা যদি তুলে ধরতেন তাহলে ভালো হতো। আমি এমন কোনো কথা বলিনি যার জন্য জাতির কাছে, দেশের কাছে, বিএনপির কাছে কিংবা আমার নেতাকর্মীর কাছে আমাকে বিব্রত হতে হবে। আমার বক্তব্য গতকাল যারা শুনেছেন তারা হয়তো বুঝে উঠতে পারেননি। আমি দুঃখিত যে, আমি বুঝাতে পারিনি।

তিনি বলেন, আমি আবারও বলছি যে, আমার গতকালের বক্তব্যের কাটপিছকে তুলে ধরে সামনের অংশ, পেছনের অংশ বাদ দিয়ে মাঝখান থেকে যার যেখানে যতটুকু প্রয়োজন নিয়ে মনের মাধুরী দিয়ে বিস্তারিত লিখেছেন। এর সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।এর সঙ্গে আমার দল এবং আমি কোনো দায়-দায়িত্ব বহন করি না। যারা বলছেন, যারা লিখেছেন তার জন্য তারাই দায়িত্ব বহন করবেন। আমি যা বলেছি আমার সংগঠনের ভালোর জন্য বলেছি। আমি কাউকে ক্ষতিগ্রস্ত করার জন্য বলিনি। আমি যা বলেছি, ইলিয়াসকে স্মরণ করে বলেছি, ইলিয়াস আমাদের মধ্যে ছিলেন, আমাদের মাঝে আসবেন- সেই কথা স্মরণ করে আমি বলেছি।

মির্জা আব্বাস বলেন, দয়া করে আর টুইস্ট করে নিউজ করবেন না। আমাকে কেন এই সরকার বা কিছু সাংবাদিকের টার্গেট করার প্রয়োজন হলো আমি তা বুঝতে পারছি না। এত লোক থাকতে ইলিয়াসকে নিয়ে আমাকে টার্গেট করা- এই লক্ষণটা কিন্তু ভালো না, আমি এটাকে অশুভ লক্ষণ বলে মনে করি।

সরকার ইলিয়াসকে গুম করেনি- এই বক্তব্য সম্পর্কে জানতে চাইলে মির্জা আব্বাস বলেন, আমি বিএনপির স্থায়ী কমিটির সদস্য হয়ে কেন বলব যে, আমি জানি সরকার জড়িত নয়। আমি কটাক্ষ করে বলেছি। ইট মিনস সরকারই বলুক ইলিয়াস আলী কোথায় আছে? সরকারকেই জবাব দিতে হবে। এই সরকারের সময়ে একজন জলজ্যান্ত ইলিয়াস, একজন তরতাজা ইলিয়াস, সত্যভাষী একজন ইলিয়াস গুম হয়ে যাবে? সরকার জানে না। তাহলে কে করল গুম? আমি এটা বলতে চেয়েছি।আপনারা কি বের করতে পেরেছেন সাগর-রুনি হত্যাকাণ্ড কারা করল? পারেননি। কারা করেছে বলতে পারবেন আপনারা। ইলিয়াস গুম হয়েছে, সালাহউদ্দিন আহমেদকে পাচার করা হয়েছে, আমাদের চৌধুরী আলমকে গুম করা হয়েছে, এরকম আরও হাজার হাজার নেতাকর্মীকে গুম করা হয়েছে। কে করল? তারা হাওয়া হয়ে গেল?

শাহজাহানপুরে নিজের বাসায় এই সংবাদ সম্মেলনে দলের ড. আসাদুজ্জামান রিপন, খায়রুল কবির খোকন, ফজলুল হক মিলন, কামরুজ্জামান রতন, আবদুস সালাম আজাদ ও কাইয়ুম চৌধুরী উপস্থিত ছিলেন।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360