রাজশাহী-চট্টগ্রামেও ভিপি নূরের নামে মামলা - Shera TV রাজশাহী-চট্টগ্রামেও ভিপি নূরের নামে মামলা - Shera TV

রাজশাহী-চট্টগ্রামেও ভিপি নূরের নামে মামলা

স্টাফ রিপোর্টার:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নূরুল হক নূরের বিরুদ্ধে এবার রাজশাহী ও চট্টগ্রামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। ১৪ এপ্রিল ফেসবুক লাইভে এসে আওয়ামী লীগ নেতাকর্মীদের ধর্মীয় মূল্যবোধে আঘাত করে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে এ মামলা করা হয়েছে। এর আগে ঢাকা ও সিলেটে নূরের বিরুদ্ধে মামলা হয়।

রাজশাহী : রাজশাহী মহানগর যুবলীগের যুগ্ম সম্পাদক তোরিদ আল মাসুদ রনি বুধবার দুপুরে বাদী হয়ে আরএমপির বোয়ালিয়া মডেল থানায় মামলাটি করেন।

বোয়ালিয়া থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণ বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের ধর্মীয় মূল্যবোধে আঘাত করে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে মামলাটি করা হয়েছে। তদন্ত  করে পরে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

মামলার এজাহারে বাদী বলেন, ১৪ এপ্রিল ফেসবুক লাইভে এসে ডাকসুর সাবেক ভিপি নূরুল হক নূর যে বক্তব্য দিয়েছিলেন সেটা আওয়ামী লীগ নেতাকর্মীসহ দেশের মানুষের ধর্মীয় মূল্যবোধে আঘাত দিয়েছে। তিনি আক্রমণাত্মক ও মানহানিকর বক্তব্য দিয়েছেন।

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানায় আজিজ মিসির নামে মহানগর স্বেচ্ছাসেবক লীগের এক নেতা বাদী হয়ে মঙ্গলবার রাতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন।

কোতোয়ালি থানার ওসি নেজাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। আজিজ মিসির এজাহারে অভিযোগ করেন, ১৪ এপ্রিল ভিপি নূরুল হক তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে লাইভে এসে যে বক্তব্য দিয়েছিলেন সেটা ধর্মপ্রাণ নেতাকর্মীদের ধর্মীয় মূল্যবোধে আঘাত দিয়েছে। তিনি (ভিপি নূর) নেতাকর্মীদের বিরুদ্ধে মানহানিকর মন্তব্য করেছেন।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360