পছন্দসই পদ না পেয়ে দান করা মাইক খুলে নিল মসজিদ কমিটির সাবেক সম্পাদক - Shera TV পছন্দসই পদ না পেয়ে দান করা মাইক খুলে নিল মসজিদ কমিটির সাবেক সম্পাদক - Shera TV

পছন্দসই পদ না পেয়ে দান করা মাইক খুলে নিল মসজিদ কমিটির সাবেক সম্পাদক

অনলাইন ডেস্ক:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মসজিদ কমিটিতে আবার সাধারণ সম্পাদক পদ না হতে পারায় দান করা মাইক ফেরত নেওয়ার অভিযোগ উঠেছে সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর বিরুদ্ধে। সোমবার সকালে উপজেলার তারাব পৌরসভার কর্ণগোপ এলাকায় এ ঘটনা ঘটে।

মসজিদ কমিটি ও এলাকাবাসী জানান, উপজেলার কর্ণগোপ এলাকার কেন্দ্রীয় জামে মসজিদে তিন বছর আগে একটি মাইক দান করেন তৎকালীন কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ভুইয়া। এ বছরের গত ১৬ এপ্রিল ওই মসজিদে এলাকাবাসীর অংশগ্রহণে নতুন কমিটি গঠিত হয়। নতুন কমিটিতে তিনি সিনিয়র সহ-সভাপতি হিসাবে মনোনীত হন। কমিটিতে মোহম্মদ আলী সাধারণ সম্পাদক পদ না পাওয়ায় ক্ষিপ্ত হন তিনি। পরে ২১ মে মসজিদ কমিটির সাধারণ সভায় নতুন কমিটির সিনিয়র সহ-সভাপতি পদ থেকে অব্যাহতি নেন।

সোমবার সকালে মোহাম্মদ আলী মসজিদের ইমাম শহিদুল ইসলামকে ফোন করে তার দান করা মাইক খুলে তাকে দিয়ে দিতে বলেন। ইমাম শহিদুল ইসলাম বিষয়টি কমিটিকে জানালে কমিটি মাইক ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং তাকে মাইক ফেরত দিয়ে দেওয়া হয়। এতে হঠাৎ করেই মাইকে আজান দেওয়া বন্ধ হয়ে যায় কর্ণগোপ কেন্দ্রীয় জামে মসজিদের। আজান শুনে মসজিদে আসা মুসুল্লিদের সময় মতো ও জামাতে নামাজ নিয়ে বিড়ম্বনায় পড়েন অনেকে।

এ ব্যাপারে নতুন কমিটির সাধারণ সম্পাদক নাজমুল হুদা জানান, মোহাম্মদ আলী দীর্ঘ ১২ বছর আগে দুই বছর মেয়াদী কমিটির সাধারণ সম্পাদক মনোনীত হন। কিন্তু তিনি সরকার দলীয় ওয়ার্ড কমিটির নেতা হওযার কারণে জবর-দখল করে মেয়াদ শেষ হলেও ১২ বছরে কোন কমিটি গঠন করতে দেননি। দীর্ঘ ১২ বছরে কোন আর্থিক হিসাব এলাকাবাসীকে দেননি। নবগঠিত কমিটিকেও কোন লিখিত হিসাব দিতে পারেননি। উল্টো সাধারণ সম্পাদক না হতে পারায় দান করা জিনিস ফিরিয়ে নেন।

এ ব্যাপারে অভিযুক্ত মোহাম্মদ আলী বলেন, আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। আমি মাইক খুলে নেইনি, মসজিদ কর্তৃপক্ষ আমাকে মাইক খুলে দিয়ে দিয়েছে।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360