স্টাফ রিপোর্টার:
রাজধানীর পলাশীর বাসা থেকে ইসরাত জাহান তুষ্টি নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার সকাল ৭টার দিকে পলাশীর আবাসিক ভবন থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।
ইসরাত জাহান তুষ্টি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার আটপাড়ায়।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের পর মুত্যুর কারণ জানা যাবে। বঙ্গমাতা শেখ ফজিলাতুননেসা মুজিব হলের ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন ইসরাত জাহান তুষ্টি। তুষ্টির অ্যাজমা ও শ্বাসকষ্টের সমস্যা ছিল বলে জানিয়েছে তার বন্ধুরা।
ফায়ার সার্ভিস জানায়, ‘তুষ্টি (শনিবার) মধ্যরাতে বাথরুমে আটকা পড়েছিল। তার রুমমেট অনেকক্ষণ অপেক্ষা করে না পেয়ে ৯৯৯-এ ফোন দিলে আমরা এখানে এসে বাথরুমের দরজা ভেঙে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাই। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। দুজন শিক্ষার্থী মিলে স্টাফ কোয়ার্টারের নিচ তলায় একটি বাসায় সাবলেটে থাকতেন। সকালে তার রুমমেট ঘুম থেকে উঠে টয়লেটের দরজা ভেতর থেকে আটকানো দেখতে পায়। তবে ভেতরে কলের পানি পড়ছিল।
ফায়ার সার্ভিস আরও জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অসুস্থতাজনিত কারণে ওই ছাত্রী টয়লেটের ভেতরে পড়ে মারা যেতে পারেন। তার শ্বাসকষ্টজনিত সমস্যা ছিলো। শনিবার সকালে বৃষ্টিতে ভিজেছিলেন তিনি। এ কারণে হয়তো শ্বাসকষ্টের সমস্যা বাড়তে পারে।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন ডিসি, লালবাগ বিভাগের ডিসি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর।
সেরা টিভি/আকিব