চুরি করতে গিয়ে প্রেম! - Shera TV চুরি করতে গিয়ে প্রেম! - Shera TV

চুরি করতে গিয়ে প্রেম!

স্টাফ রিপোর্টার:

চুরি করতে গিয়ে একে অপরের প্রেমে পড়লেন আফরান নিশো আর মেহজাবীন চৌধুরী। না, বাস্তবে নয়,‘ঘটনা সত্য’ নামের এক নাটকে চুরি করতে গিয়ে প্রেমে পড়তে দেখা যাবে ঢাকাই নাটকের এই দুই জনপ্রিয় অভিনয় শিল্পীকে।

‘ঘটনা সত্য’ নাটকে গাড়ির ড্রাইভার আর গৃহপরিচারিকার চরিত্রে অভিনয় করবেন তারা। নাটকটি নির্মাণ করেছেন এই সময়ের ব্যস্ত নির্মাতা রুবেল হাসান। মঈনুল সানুর চিত্রনাট্যে নাটকটি নির্মিত হয়েছে সিএমভি’র ব্যানারে। নাটকের গল্প প্রসঙ্গে নির্মাতা রুবেল জানান, বিলকিস ও মুকুল পাশাপাশি দুটি ফ্ল্যাটের গৃহপরিচারিকা ও গাড়ির ড্রাইভার। এরা সব সময় এটা সেটা চুরি করে, কাজে ফাঁকি দেয়, মিথ্যা বলে। এতে মালিক পক্ষ নানাভাবে হয়রানির শিকার হয়। শুধু তাই নয়, গৃহকর্মী বিলকিস বাজার থেকে সস্তা ও পচা সবজি কিনে আনে, ফ্রিজে রাখা খাবার এঁটো করে রাখে, বাসায় রাখা অন্যের কসমেটিকস নিজে ইচ্ছেমতো ব্যবহার করে, অপচয় করে।

অন্যদিকে মুকুলও মিথ্যা বলে, ডিউটি বাদ দিয়ে অন্যত্র যাত্রী বহন করে, লুকিয়ে গাড়ির তেল বিক্রি করে। ঘটনাক্রমে বিলকিস ও মুকুলের সম্পর্ক প্রণয়ে রূপ নিলে সেটি মিষ্টি প্রেমের গল্প হয়ে ওঠে। গল্পের শুরুটা মিথ্যা আর চুরি দিয়ে হলেও শেষে সেটি মানবিক একটি প্রেমের গল্পে রূপ নেয় বলে জানান রুবেল। তবে এই প্রেমের পরিণতি জানতে হলে দেখতে হবে নাটকটি। ‘ঘটনা সত্য’ শিগগিরই সিএমভি’র ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হবে বলে নাটকটির প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানিয়েছেন।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360