যে ৪ কারনে খাবেন মেথি চা - Shera TV যে ৪ কারনে খাবেন মেথি চা - Shera TV

যে ৪ কারনে খাবেন মেথি চা

লাইফস্টাইল ডেস্ক:

করোনা সংক্রমণ কবে থামবে তা কারোরই জানা নেই। পাশাপাশি ভয় আছে অন্যান্য রোগেরও। সামান্য ঠান্ডা-কাশিতেই এখন করোনার উপসর্গ ভেবে দুশ্চিন্তা হচ্ছে। সাধারণ বদহজম বা পেটের সমস্যাকেও কোভিড বলে মনে হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, করোনা প্রতিরোধের অন্যতম উপায় হচ্ছে শরীরের প্রতিরোধ শক্তি বাড়ানো। সেক্ষেত্রে ভেষজ উপাদানগুলো বেশ কার্যকরী।

ভেষজ মসলা হিসেবে মেথি বীজ সবার কাছেই বেশ পরিচিত। ওজন কমাতে মেথির খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এছাড়া কোষ্ঠকাঠিন্য থেকে শুরু করে ডায়াবেটিসের মতো অসুখ নিয়ন্ত্রণে রাখতে মেথি অত্যন্ত কার্যকরী।

করোনাকালে শরীরের প্রতিরোধ শক্তি বাড়াতে মেথি চা পান করতে পারেন। এই চা পানে যেসব উপকারিতা পাওয়া যায়-

১. প্রতিদিন সকালে খালি পেটে মেথি চা খেতে পারলে কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকে। ফলে হৃদযন্ত্রের স্বাস্থ্য ভালো থাকে। সেই সঙ্গে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিও কমে।

২. অ্যাসিডিটি বা হজমের যাবতীয় সমস্যা সহজেই নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে মেথি চা। এ ছাড়াও মেথিতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার যা পেট পরিষ্কার রাখার পাশাপাশি কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূরে রাখতে সাহায্য করে।

৩. নিয়মিত মেথি চা পান করলে কিডনিতে অক্সিজেন সমৃদ্ধ রক্ত সরবরাহে সহায়তা করে। যা কিডনির পাথরের মতো সমস্যা দূর করতে কার্যকর।

৪. মেথি পাতায় পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিঅক্সিড্যান্ট পাওয়া যায়। রক্তশূন্যতা বা হাড়কে শক্তিশালী করার জন্য এ চা বেশ উপকারী।

যেভাবে তৈরি করবেন মেথি চা

প্রথমে ১ চামচ মেথি গুঁড়ো নিন। দেড় কাপ ফুটন্ত গরম পানিতে ওই গুঁড়ো মিশিয়ে দিন। এর সঙ্গে ১ চামচ মধু মেশাতে পারেন। চাইলে এর সঙ্গে চা পাতা বা তুলসি পাতাও মেশাতে পারেন। সমস্ত উপকরণ একসঙ্গে দিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে নিন। এ বার ছেঁকে নিয়ে সামান্য ঠান্ডা করে পান করুন।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360