কোনো প্রকার চাপ নিতে চাই না-টয়া - Shera TV কোনো প্রকার চাপ নিতে চাই না-টয়া - Shera TV

কোনো প্রকার চাপ নিতে চাই না-টয়া

বিনোদন ডেস্ক:
রোজার ঈদের পর ছোট পর্দার অভিনয়শিল্পীদের মধ্যে অনেকেই স্বাস্থ্যবিধি মেনে শুটিং করছেন। তবে অভিনেত্রী মুমতাহিনা টয়া বাড়তি সতর্কতা অবলম্বন করে এখনো শুটিং শুরু করেননি। বলা চলে ঘরবন্দি সময়ই পার করছেন। খুব প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হচ্ছেন না। তবে শিগগিরই লাইট-ক্যামেরা-অ্যাকশনের জগতে ফিরতে যাচ্ছেন এই লাক্স তারকা। কোরবানি ঈদের জন্য ইতিমধ্যে হাতে নিয়েছেন পাঁচটি নাটক। শিডিউলও চূড়ান্ত করেছেন। টয়া বলেন, এখন পর্যন্ত কাজ শুরু করিনি।
কয়েকদিন পর থেকে শুরু করবো। করোনার জন্য খুব বেশি কাজ হাতে নিই না। আরাম করে বিরতি নিয়ে কাজ করছি। আমার কাছে যে কাজগুলো আসে সেগুলোর মধ্যে যেটা সবচেয়ে ভালো সেটাই করছি। কোনো প্রকার চাপ নিতে চাই না এই মুহূর্তে।

পরিবারের একটা নিরাপত্তার ব্যাপার আছে। আমার কারণে যদি কেউ ভাইরাসে আক্রান্ত হয় সেটা দুঃখজনক হবে। এদিকে রোজার ঈদে প্রচারিত কাজ থেকে ভালো সাড়া পেয়েছেন বলে জানান অভিনেত্রী। বিশেষ করে গোলাম হায়দার কিসলুর পরিচালনায় টেলিফিল্ম ‘লাবনী’ ও সহীদ উন নবীর ‘লক ইন লকডাউন’ নাটকের জন্য বেশ প্রশংসিত হয়েছেন। অভিনয়ের পাশাপাশি উপস্থাপনাও করছেন এই গ্ল্যামারকন্যা। বর্তমানে ‘ক্যান্ডিড উইথ টয়া’- নামে একটি শো করছেন। নিজের নামের এই অনুষ্ঠানটি শোবিজের মানুষদের নিয়ে।

তার ভাষ্য, এই অনুষ্ঠানটি বেশ উপভোগ করছি। যারা অতিথি তারা যেহেতু আমাদের অঙ্গনের মানুষ উপস্থাপনা করাটা অপেক্ষাকৃত সহজ মনে হচ্ছে। এ ছাড়া ‘টয়া টিউব’ নামে ইউটিউব চ্যানেল আছে টয়ার। চ্যানেলটিতে কোরবানি ঈদের আগে নতুন কন্টেন্ট আসবে বলে জানান তিনি। এ ব্যাপারে এই অভিনেত্রী বলেন, সবসময়ই দর্শকদের নিয়ে ভাবি। নাটকে তো দর্শকরা আমাকে বিভিন্ন চরিত্রে দেখতে পায়। ব্যক্তিজীবনে আমি কেমন সেটা জানার আগ্রহ আছে আমার ভক্তদের। তাদের জন্যই ইউটিউবে সক্রিয় থাকার চেষ্টা করছি।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360