জার্মানির কাছে ধরাশায়ী চ্যাম্পীয়ন পর্তুগাল - Shera TV জার্মানির কাছে ধরাশায়ী চ্যাম্পীয়ন পর্তুগাল - Shera TV

জার্মানির কাছে ধরাশায়ী চ্যাম্পীয়ন পর্তুগাল

স্পোর্টস ডেস্ক:

একদিকে বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগাল, অন্যদিকে সর্বোচ্চ তিনবারের শিরোপা জয়ী দল জার্মানি। ফলে লড়াই যে হবে উত্তেজনাপূর্ণ, তার আভাস ছিল আগেই। মাঠের খেলায়ও মিলল এর ছাপ। দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণে মিলেছে রোমাঞ্চকর এক লড়াই দেখার সুযোগ। যেখানে ছয় গোলের ম্যাচে বর্তমান চ্যাম্পিয়নদের হারিয়ে চলতি ইউরো কাপে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে জার্মানি। নিজেদের ইউরোর ইতিহাসে প্রথমবারের মতো হালি তথা চার গোল হজম করে ম্যাচটি ৪-২ গোলে হেরেছে বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগাল।

শুধু তাই নয়, ইউরো কাপের ইতিহাসের প্রথম ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দল হিসেবে এক ম্যাচে চার গোল হজমের বিব্রতকর রেকর্ডটিও নিজেদের করে নিয়েছে পর্তুগাল। এছাড়া এ নিয়ে মাত্র দ্বিতীয়বার কোনো মেজর টুর্নামেন্টে (ইউরো অথবা বিশ্বকাপ) এক ম্যাচে চার গোল হজম করল তারা।

এর আগে ২০১৪ সালের বিশ্বকাপে জার্মানির কাছেই চার গোল হজম করেছিল পর্তুগাল। সেদিন জার্মানির জয় ছিল ৪-০ গোলে। এ জয়ের সুবাদে পর্তুগালের বিপক্ষে ২১ বছর ধরে অপরাজিত থাকল জার্মানি। দুই দলের মুখোমুখি লড়াইয়ে পর্তুগালের সবশেষ জয় ছিল ২০০০ সালে।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360