পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, ইউপি সদস্য গ্রেফতার - Shera TV পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, ইউপি সদস্য গ্রেফতার - Shera TV

পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, ইউপি সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার:

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বীরনগর গ্রামে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে একটি স্কুলের দপ্তরি ও নৈশপ্রহরী মেহেদী হাসানকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগে স্থানীয় ইউপি সদস্য রাশেদুল ইসলাম মামুনকে (৩৫) গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (২২ জুন) বিকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত রাশেদুল ইসলাম মামুন বালিঘাটা ইউনিয়ন পরিষদের সদস্য এবং বীরনগর গ্রামের মৃত আমিন উদ্দীনের ছেলে। আর অভিযুক্ত মেহেদী হাসান স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি-কাম নৈশপ্রহরী এবং একই গ্রামের লাল মিয়ার ছেলে।

মামলার সুত্রে জানা গেছে, গত ১৬ জুন (বুধবার) সন্ধ্যায় বীরনগর গ্রামে স্কুলের দপ্তরি-কাম নৈশপ্রহরী মেহেদী হাসানের বাড়িতে পরীক্ষার প্রশ্নপত্র নিতে যায় ছাত্রীটি। এসময় বাড়িতে কেউ না থাকার সুযোগে ছাত্রীকে পাশের ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে সে। পরে বাড়ি ফিরে বিষয়টি মা-বাবাকে জানায় ছাত্রীটি।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব জানান, ধর্ষণের বিষয়টি ইউপি সদস্যসহ কয়েকজন টাকার বিনিময়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিলো। পরে স্কুলছাত্রীর পরিবার থানায় ধর্ষণ মামলা করলে দুইজনকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরো জানান, ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়াও গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার বিকালে আদালতে পাঠানো হয়েছে।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360