অধ্যাপক আসিফ নজরুলকে গণপিটুনি দিয়ে বের করে দেয়ার হুমকি ছাত্রলীগের - Shera TV অধ্যাপক আসিফ নজরুলকে গণপিটুনি দিয়ে বের করে দেয়ার হুমকি ছাত্রলীগের - Shera TV

অধ্যাপক আসিফ নজরুলকে গণপিটুনি দিয়ে বের করে দেয়ার হুমকি ছাত্রলীগের

স্টাফ রিপোর্টার:

কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল শিক্ষক নামের কলঙ্ক। গণপিটুনি দিয়ে আসিফ নজরুল গংদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে বিতাড়িত করা হবে।

বুধবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে ‘১৭ আগস্ট সিরিজ বোমা হামলা দিবস’ উপলক্ষে আয়োজিত কর্মসূচি থেকে এসব কথা বলেন তিনি। এসময় ছাত্রলীগ নেতাকর্মীরা কালো পতাকা উত্তোলন ও এক মিনিট নিরবতা পালন করেন।
এ সময় তিনি আরও বলেন, তিনি (আসিফ নজরুল) এক বক্তৃতায় বলেছেন, কেউ শিবির করলে কী হয়েছে? শিবির হলেই তাকে মারতে হবে? আমরা বলতে চাই, কোনো ধর্মীয় উগ্রবাদী গোষ্ঠী বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে না। শিবির করলেই তাকে মারতে হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলেন, যেকোনো মূল্যে এই আসিফ নজরুলকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিতাড়িত করার ব্যবস্থা করুন। আপনারা যদি কোনো ব্যবস্থা গ্রহণ না করেন, তাহলে আমরাই দায়িত্ব হাতে তুলে নিব। আমরা জানি কীভাবে এদের শায়েস্তা করতে হয়। এর থেকে অনেক বড় রাঘব-বোয়ালরা লেজ গুটিয়ে পালিয়েছে। সুতরাং দুঃসাহস দেখানোর কোনো অবকাশ নেই। আমরাই তাদের রুখে দাঁড়াবো।

এ সময় ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয়ও অধ্যাপক আসিফ নজরুকে যেকোনো মূল্যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিতাড়িত করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানান।

আসিফ নজরুলকে উদ্দেশে আল নাহিয়ান খান জয় বলেন, আমরা শিক্ষকদের সম্মান করি। কিন্তু আপনি (আসিফ নজরুল) বারবার সস্তা জনপ্রিয়তা পাওয়ার জন্য বাসায় বসে ষড়যন্ত্রমূলক বক্তব্য দেন। আপনার যদি পাকিস্তানে যাওয়ার ইচ্ছা থাকে, তাহলে পাসপোর্ট করে পাকিস্তান চলে যান।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360