গত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসে ৫১ জনের মৃত্যু - Shera TV গত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসে ৫১ জনের মৃত্যু - Shera TV

গত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসে ৫১ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার:

গেল ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৫১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ হাজার ৯৩১ জনে। এছাড়া গেল একদিনে সারা দেশে ৮০২টি ল্যাবে অ্যান্টিজেন টেস্টসহ ২৫ হাজার ৭৪ জনের নমুনা পরীক্ষায় নতুন করে আরও এক হাজার ৮৭১ জনের শরীরে করোনার উপস্থিতি নিশ্চিত হয়েছে। দেশে এ পর্যন্ত মোট শনাক্ত হওয়া করোনা রোগীর সংখ্যা ১৫ লাখ ৩০ হাজার ৪১৩ জনে দাঁড়ালো। আজ রবিবার (১২ সেপ্টেম্বর) করোনা সংক্রান্ত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে আরও জানানো হয়, এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৯২ লাখ ৪৬ হাজার ৭৩৩টি। দেশে গেল ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৭.৪৬ শতাংশ। এ পর্যন্ত পরীক্ষা বিবেচনায় দেশে করোনা শনাক্তের হার ১৬.৫৫ শতাংশ। এছাড়া গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৫৮৬ জনসহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৪ লাখ ৭৮ হাজার ৮২১ জন। শনাক্ত বিবেচনায় দেশে সুস্থতার হার ৯৬.৬৩ শতাংশ। আর শনাক্ত বিবেচনায় দেশে মৃত্যুর হার ১.৭৬ শতাংশ।

১১ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ১২ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় মৃত্যু হওয়া ৫১ জনের মধ্যে ২২ জন পুরুষ এবং ২৯ জন নারী। আর এ পর্যন্ত করোনায় মৃত্যু হওয়া ২৬ হাজার ৯৩১ জনের মধ্যে ১৭ হাজার ৩৫৮ জন পুরুষ এবং ৯ হাজার ৫৩৭ জন নারী।

এদিকে, বিভাগওয়ারি মৃতের সংখ্যার দিক থেকে ঢাকা বিভাগে সর্বোচ্চ ১৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া চট্টগ্রাম বিভাগে ১৪ জন, খুলনা বিভাগে ৯ জন, সিলেট বিভাগে ৬ জন, রাজশাহী, রংপুর এবং ময়মনসিংহ বিভাগে একজন করে মৃত্যু হয়েছে। আর গেল ২৪ ঘন্টায় বরিশাল বিভাগে করোনায় কারও মৃত্যু হয়নি।

এর আগে, গতকাল শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী ১৮ হাজার ৮৬৯ জনের নমুনা পরীক্ষায় এক হাজার ৩২৭ জনের করোনা শনাক্ত হয়। এছাড়া আরও ৪৮ জনের মৃত্যুর খবর জানানো হয়।

অন্যদিকে, সারা বিশ্বে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২২ কোটি ৫২ লাখ ১১ হাজার ১৬৭ জন। আর করোনায় আক্রান্ত হয়ে বিশ্বে মৃত্যু হয়েছে ৪৬ লাখ ৪০ হাজার ৬৬০ জনের। এছাড়া বিশ্বব্যাপী করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ২০ কোটি ১৭ লাখ ৭৯ হাজার ৯৫৪ জনে।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে করোনার সংক্রমণ শুরু হলেও বাংলাদেশে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360