গত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসে আরও ২১ জনের মৃত্যু - Shera TV গত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসে আরও ২১ জনের মৃত্যু - Shera TV

গত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসে আরও ২১ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার:

গেল ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের তালিকায় যুক্ত হয়েছে আরও ২১ জন।

এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৪১৪ জনে। এছাড়া গেল একদিনে সারা দেশে ৮২০টি ল্যাবে অ্যান্টিজেন টেস্টসহ ২২ হাজার ২২১ জনের নমুনা পরীক্ষায় নতুন করে আরও ৯৮০ জনের শরীরে করোনার উপস্থিতি নিশ্চিত হয়েছে। দেশে এ পর্যন্ত মোট শনাক্ত হওয়া করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ১৫ লাখ ৫১ হাজার ৩৫১ জনে। আজ রবিবার (২৬ সেপ্টেম্বর) করোনা সংক্রান্ত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে আরও জানানো হয়, এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৯৬ লাখ ১৯ হাজার ১৫০টি। দেশে গেল ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৪.৪১ শতাংশ। এ পর্যন্ত পরীক্ষা বিবেচনায় দেশে করোনা শনাক্তের হার ১৬.১৩ শতাংশ। এছাড়া গত ২৪ ঘণ্টায় এক হাজার ৩১২ জনসহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ১১ হাজার ৪৭৯ জন। শনাক্ত বিবেচনায় দেশে সুস্থতার হার ৯৭.৪৩ শতাংশ। আর শনাক্ত বিবেচনায় দেশে মৃত্যুর হার ১.৭৭ শতাংশ।

২৫ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ২৬ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় মৃত্যু হওয়া ২১ জনের মধ্যে ৭ জন পুরুষ এবং ১৪ জন নারী। আর এ পর্যন্ত করোনায় মৃত্যু হওয়া ২৭ হাজার ৪১৪ জনের মধ্যে ১৭ হাজার ৬০৫ জন পুরুষ এবং ৯ হাজার ৮০৯ জন নারী।

এদিকে, বিভাগওয়ারি মৃতের সংখ্যার দিক থেকে ঢাকা বিভাগে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া চট্টগ্রাম বিভাগে ৪ জন, সিলেট বিভাগে ৩ জন, রাজশাহী বিভাগে ২ জন, খুলনা বিভাগে ১ জন এবং ময়মনসিংহ বিভাগে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া রংপুর এবং বরিশাল বিভাগে আর গেল ২৪ ঘন্টায় করোনায় কারও মৃত্যু হয়নি।

এর আগে, গতকাল শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী ১৭ হাজার ৫১৫ জনের নমুনা পরীক্ষায় ৮১৮ জনের করোনা শনাক্ত হয়। এছাড়া আরও ২৬ জনের মৃত্যুর খবর জানানো হয়। নমুনা পরীক্ষার বিপরীতে গতকাল করোনা শনাক্তের হার ছিলো ৪.৫৯ শতাংশ। পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার আজ আরও নিচে নেমে দাঁড়িয়েছে ৪.৪১ শতাংশে।

অন্যদিকে, সারা বিশ্বে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২৩ কোটি ২৩ লাখ ৫৯ হাজার ৭৮৭ জন। আর করোনায় আক্রান্ত হয়ে বিশ্বে মৃত্যু হয়েছে ৪৭ লাখ ৫৮ হাজার ৭৪৬ জনের। এছাড়া বিশ্বব্যাপী করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ২০ কোটি ৮৯ লাখ ৭১ হাজার ৯৭৪ জনে।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে করোনার সংক্রমণ শুরু হলেও বাংলাদেশে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360