বিমানবন্দরে আরটি-পিসিআর টেস্ট শুরু চলতি মাসে - Shera TV বিমানবন্দরে আরটি-পিসিআর টেস্ট শুরু চলতি মাসে - Shera TV

বিমানবন্দরে আরটি-পিসিআর টেস্ট শুরু চলতি মাসে

স্টাফ রিপোর্টার:
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আরটি-পিসিআর টেস্ট আগামী ২৮শে সেপ্টেম্বর থেকে শুরু হবে বলে জানিয়েছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান। গতকাল রোববার সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। এর আগে শনিবার রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বসানো হয় করোনা টেস্ট করার ল্যাব।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানায়, প্রবাসীদের জন্য সংযুক্ত আরব আমিরাত সরকার যাত্রা শুরুর ৬ ঘণ্টা আগে র‌্যাপিড পিসিআর টেস্ট করানোর বিধিনিষেধ আরোপ করেছে। দীর্ঘদিন ধরে ঢাকার বিমানবন্দরে এই ব্যবস্থা না থাকায় আমিরাতে ফিরতে পারছিলেন না প্রবাসীরা। তবে কয়েকদফা পেছানোর পর অবশেষে শনিবার ল্যাব স্থাপনের কাজ শেষ হয়েছে।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ-উল আহসান বলেন, শনিবারই বিমানবন্দরের ভেতরে ল্যাব স্থাপনের কাজ শেষ হয়েছে। স্বাস্থ্য অধিদফতর এবং স্বাস্থ্যসেবা বিভাগের দুটি টেকনিক্যাল কমিটি গঠিত হয়েছে, তারাই গোটা প্রক্রিয়া দেখছেন।
এর আগে বুধবার ল্যাব তৈরির কাজ আংশিক সম্পন্ন করেই সেখানে টেস্ট করিয়ে পরীক্ষামূলকভাবে ৪৬ জনকে দুবাই পাঠানো হয়েছে। এখন পুরোদমে পরীক্ষা শুরুর পালা।
এই করোনা টেস্ট ল্যাব স্থাপনের যে ৬ প্রতিষ্ঠানকে অনুমোদন দেয়া হয় সে প্রতিষ্ঠানগুলো হলো: স্টেমজ হেলথ কেয়ার (বিডি) লিমিটেড ঢাকা, সিএসবিএফ হেলথ সেন্টার, এএমজেড হাসপাতাল লিমিটেড, আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ হাসপাতাল, গুলশান ক্লিনিক লিমিটেড ও ডিএমএফআর মলিকুলার ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360