প্রেসক্লাবকে বিএনপি রাজনৈতিক মঞ্চ বানিয়ে ফেলেছে : কাদের - Shera TV প্রেসক্লাবকে বিএনপি রাজনৈতিক মঞ্চ বানিয়ে ফেলেছে : কাদের - Shera TV

প্রেসক্লাবকে বিএনপি রাজনৈতিক মঞ্চ বানিয়ে ফেলেছে : কাদের

স্টাফ রিপোর্টার: প্রেসক্লাবকে বিএনপি রাজনৈতিক মঞ্চ বানিয়ে ফেলেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল মঙ্গলবার সকালে ওবায়দুল কাদের তার বাস ভবনে ব্রিফিংকালে এ মন্তব্য করেন। ওবায়দুল কাদের বলেন, ’৯০-এর পটভূমি আর ২০২১-এর পটভূমি এক নয়। সুতরাং গণঅভ্যুত্থান করে সরকার পতনের দিবা স্বপ্ন বিএনপির রঙিন খোয়াবে পরিণত হবে।’ বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের উদ্দেশে তিনি বলেন, ‘সরকারকে সময় বেঁধে দেওয়ার উনি কে? সরকারকে সময় বেঁধে দিয়েছে দেশের সংবিধান ও এদেশের জনগণ। আর ক্ষমতা দেওয়ার মালিক সর্ব শক্তিমান আল্লাহ এবং দেশের ভোটাররা।’
ওবায়দুল কাদের বলেন, ‘জাতীয় প্রেসক্লাবে সাধারণত সাংবাদিক, সাংস্কৃতিক, সামাজিক ও বিভিন্ন সংগঠন সভার আয়োজন করে থাকে। কিন্তু বিএনপি প্রেসক্লাবকে রাজনৈতিক মঞ্চ বানিয়ে ফেলেছে। বিএনপি এখন প্রেসক্লাবের ভেতরে রাজনৈতিক সমাবেশ করছে, যা অবৈধ ও অগ্রহণযোগ্য।’
ইউপি নির্বাচন নিয়ে তিনি বলেন, ‘ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিভিন্ন জেলা থেকে দলীয় প্রার্থীর নাম পাঠানো হচ্ছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তথ্য গোপন এবং নানা অনিয়ম ও জালিয়াতি করে কেন্দ্রে নাম পাঠাচ্ছেন। যারা এ ধরনের অনিয়মের সঙ্গে জড়িত তাদের বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সঙ্গে সঙ্গে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’
ড্রাইভিং লাইসেন্সের জন্য প্রায় দুই বছর যারা অপেক্ষা করেছেন তাদের ভোগান্তি শেষ হতে যাচ্ছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘প্রায় সাড়ে ১২ লাখ ড্রাইভিং লাইসেন্সের প্রিন্টিং ও বিতরণ কার্যক্রম গত ১০ অক্টোবর থেকে শুরু হয়েছে। আগামী ৬ মাসের মধ্যে এসব ড্রাইভিং লাইসেন্সের প্রিন্টিং ও বিতরণ কাজ শেষ হবে।’

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360