এবার গান গাইলেন প্রভা - Shera TV এবার গান গাইলেন প্রভা - Shera TV

এবার গান গাইলেন প্রভা

বিনোদন ডেস্ক:

মডেলিং বা অভিনয়—সাদিয়া জাহান প্রভা একসময় ছিলেন আলোচনার শীর্ষে। এখন পুরাদস্তুর অভিনেত্রী। নাটকেই পুরো সময়টা দেন। তবে এর ফাঁকেই নিজের আরও একটি প্রতিভা মেলে ধরলেন এই সুহাসিনী। গাইলেন গান। যা ভিডিও আকারে অবমুক্ত করেছেন নিজের ইউটিউব চ্যানেলেও।

মৌসুমী ভৌমিকের বিখ্যাত গান ‘আমি শুনেছি সেদিন তুমি’ কাভার করেছেন তিনি। আর তাকে সংগীতে ও গায়কীতে পূর্ণ সহযোগিতা করেছেন সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। সমুদ্র সৈকতের নীল জলে গানটির দৃষ্টিনন্দন ভিডিও ধারণে যুক্ত করেছেন একেবারে পেশাদার ভিডিও দল। যাতে মডেল হিসেবে দেখা গেছে গ্ল্যামারাস প্রভাকেই।

প্রভা গানটি নিয়ে বলেন, কাজটি পরীক্ষামূলকভাবে করলাম নিজেকে যাচাই করার জন্য। ইমরানের স্টুডিওতে গানটি রেকর্ড করার পর দেখলাম মন্দ হয়নি। তখন এর ভিডিও নির্মাণে নেমে পড়লাম।

গত ২২ ডিসেম্বর এটি প্রভার ইউটিউব চ্যানেলে অবমুক্ত হয়েছে। সেখানে তিনি লিখেছেন, ‘অবশেষে আমার সবচেয়ে প্রিয় গানটি গাওয়ার সাহস করে ফেললাম। গানই আমার প্রথম ভালোবাসা ছিল। তবে অনেক বছর আগে গানের চর্চা ছেড়ে দিয়েছিলাম। আবারও ফিরে এলাম। আশা করি, সবাই পছন্দ করবেন।’

‘আমি শুনেছি সেদিন তুমি’ মূল গানটির কথা, কণ্ঠ ও সুর ভারতের মৌসুমী ভৌমিকের। নতুন করে সংগীতায়োজন করেছেন ইমরান মাহমুদুল। ভিডিওটি সম্পাদনা করেছেন এসএম তুষার।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360