আজ ঘোষনা হবে মডেল তিন্নি হত্যা মামলার রায় - Shera TV আজ ঘোষনা হবে মডেল তিন্নি হত্যা মামলার রায় - Shera TV

আজ ঘোষনা হবে মডেল তিন্নি হত্যা মামলার রায়

স্টাফ রিপোর্টার:

মডেল সৈয়দা তানিয়া মাহবুব তিন্নিকে ২০০২ সালের ১০ই নভেম্বর হত্যা করার অভিযোগে বরিশাল-২ আসনে সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক অভির বিরুদ্ধে মামলার রায় ঘোষণা করা হবে আজ।

আজ সোমবার (১৫ই নভেম্বর) ঢাকার সপ্তম অতিরিক্ত জেলা ও দায়রা জজ কেশব রায় চৌধুরীর আদালতে মামলাটির রায় ঘোষণা করা হবে। গত ২৬শে অক্টোবর মামলাটির রায় ঘোষণার দিন ধার্য ছিল। কিন্তু বিচারক তা পিছিয়ে আজ (১৫ নভেম্বর) নতুন দিন ধার্য করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০০২ সালের ১০ই নভেম্বর রাতে খুন হন তিন্নি। এর আগে ৬ই নভেম্বর তিন্নিকে তার স্বামী সাক্কাত হোসেন পিয়ালের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে বাধ্য করেন অভি। তিন্নিও তাকে তালাক দেন। ওই দিনই পিয়ালকে তার দেড় বছর বয়সী কন্যাসন্তানসহ রাজধানীর বাড়ি থেকে বের করে দেওয়া হয়।

এরপর বিয়ে করার জন্য অভিকে চাপ দিতে থাকেন তিন্নি। একপর্যায়ে তিন্নি বিষয়টি সাংবাদিকদের কাছে ফাঁস করে দেওয়ার হুমকি দেন।

১০ই নভেম্বর রাতে মাথায় আঘাত করে তিন্নিকে হত্যা করা হয়। এরপর গুমের উদ্দেশ্যে ওই রাতে বুড়িগঙ্গার ১ নম্বর চীন মৈত্রী সেতুর ওপর থেকে নদীতে ফেলে দেওয়া হয় মরদেহ। কিন্তু মরদেহটি পড়ে পিলারের উঁচু অংশে। পরদিন সকালে মরদেহ ঘিরে উৎসুক জনতা ভিড় করে।

কেরানীগঞ্জ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহালের পর ময়নাতদন্ত করে। মর্গে ৪দিন রাখার পর ১৫ই নভেম্বর অজ্ঞাত হিসেবে জুরাইন কবরস্থানে দাফন করা হয় তিন্নিকে।

এদিকে তিন্নির চাচা সৈয়দ রেজাউল করিম কেরানীগঞ্জ থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। মরদেহ উদ্ধারের দিন একই থানায় একটি হত্যা মামলা করেন থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. শফি উদ্দিন। অজ্ঞাতনামা দুর্বৃত্তদের আসামি করা হয় মামলায়।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360