দ্বিতীয় দিনের মত রাজধানীতে চলছে বাস ধর্মঘট - Shera TV দ্বিতীয় দিনের মত রাজধানীতে চলছে বাস ধর্মঘট - Shera TV

দ্বিতীয় দিনের মত রাজধানীতে চলছে বাস ধর্মঘট

স্টাফ রিপোর্টার:

সিটিং সার্ভিস ও ওয়েবিল বহাল রাখার দাবিতে রাজধানীতে আজও বেশ কয়েকটি কোম্পানির বাস চালাচ্ছেন না শ্রমিকরা। রাজধানীতে কোনো সিটিং সার্ভিস থাকবে না, বাস চলবে না ওয়েবিলে। মালিক সমিতি এমন সিদ্ধান্ত নিলেও, বাস মালিকরা তা মানছেন না। এ নিয়ে পথে পথে যাত্রীদের সঙ্গে বাসচালক আর শ্রমিকদের বিরোধ চলছে।

আজ তিন দিন ধরেই মিরপুর এলাকায় বিভিন্ন রুটের কিছু বাস বন্ধ রয়েছে। ফলে ভোগান্তি পড়েছেন যাত্রীরা। তাদের দাবি, সরকার নির্ধারিত ভাড়ার থেকেও বেশি ভাড়া আদায় করছে শ্রমিকরা। আর শ্রমিকদের দাবি, যাত্রীরা সরকার নির্ধারিত ভাড়া দিলেও, মালিকপক্ষ এখনো ওয়েবিলের নির্ধারিত বাড়তি ভাড়া হিসাব করে দিন শেষে টাকা চায়। এতে সারাদিন গাড়ি চালিয়েও দিন শেষে খালি হাতে ফিরতে হচ্ছে বলে দাবি শ্রমিকদের।

উল্লেখ্য, চলতি মাসের প্রথম দিকে জ্বালানি তেলের দাম বৃদ্ধি করে সরকার। প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ৬৫ টাকা থেকে বাড়িয়ে ৮০ টাকা করা হয়। এরপর থেকে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরিচালক-মালিকেরা গাড়ি চলাচল বন্ধ রাখার ঘোষণা দেন। তাদের সঙ্গে যোগ দেন বাসচালক-মালিকরা। প্রতিবাদে টানা তিন দিন ধর্মঘট ডাকে পরিবহন সংগঠনগুলো। এতে চরম ভোগান্তিতে পড়েন সারা দেশের মানুষ। মালিক শ্রমিকদের আন্দোলনের মুখে সরকার বাসের বাড়া বর্ধিত করে।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের সঙ্গে পরিবহণ মালিক সমিতির বৈঠকে বাস ভাড়া বাড়িয়ে দূরপাল্লায় প্রতি কিলোমিটারে ১ টাকা ৮০ পয়সা, মহানগরে ২ টাকা ১৫ পয়সা এবং মিনিবাসে ২ টাকা ৫ পয়সা করা হয়। এর মাধ্যমে দূরপাল্লায় প্রতি কিলোমিটারে ভাড়া ২৬ শতাংশ বা ৩৮ পয়সা এবং মহানগরে ২৬ দশমিক ৫ শতাংশ বা ৪৫ পয়সা ভাড়া বাড়ে। তবে সিএনজিচালিত বাসের জন্য বাড়তি ভাড়া প্রযোজ্য নয়। এছাড়া, সর্বনিম্ন বাস ভাড়া ১০ টাকা, মিনিবাসে ৮ টাকা নির্ধারণ করা হয়। এরপর গণপরিবহন চলাচল শুরু হয় এবং বাসে নতুন ভাড়া কার্যকর করা হয়।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360