পাঁচ দফা দাবিতে সিলেটে পরিবহন ধর্মঘট শুরু - Shera TV পাঁচ দফা দাবিতে সিলেটে পরিবহন ধর্মঘট শুরু - Shera TV

পাঁচ দফা দাবিতে সিলেটে পরিবহন ধর্মঘট শুরু

স্টাফ রিপোর্টার: পাঁচ দফা দাবিতে পরিবহন ধর্মঘট শুরু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগ। আজ সোমবার ভোর ৬টা থেকে শুরু হয় এ পরিবহন ধর্মঘট। শ্রমিকদের ডাকা এই পরিবহন ধর্মঘটে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে সব ধরনের যান চলাচল।

শ্রমিকদের পাঁচ দফা দাবিগুলো হলো- সিলেট জেলা অটোটেম্পু ও অটো রিকশাচালক শ্রমিক জোটের ত্রি-বার্ষিক নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা এবং প্রহসনমূলক নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তথাকথিত ঘোষিত কমিটি বাতিল করা ও মনোনয়ন ফি বাবদ আদায় করা লাখ লাখ টাকা ফেরত দেওয়াসহ সিলেটের আঞ্চলিক শ্রম দপ্তরের উপ-পরিচালককে প্রত্যাহার।

সিলেট জেলা বাস, মিনিবাস কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নেতাদের ওপর কোতোয়ালি থানায় দায়ের করা মামলা প্রত্যাহার। সিলেটের ট্রাফিক ও হাইওয়ে পুলিশের হয়রানি বন্ধ। মেয়াদোত্তীর্ণ সেতুতে (শেরপুর সেতু, শেওলা সেতু, লামাকাজী সেতু, ফেঞ্চুগঞ্জ সেতু ও শাহপরান সেতু) টোল আদায় বন্ধ এবং সিলেটের চৌহাট্টাসহ নগরীর বিভিন্ন স্থানে কার, মাইক্রোবাস, লেগুনা, সিএনজিচালিত অটোরিকশাসহ ছোট গাড়ির জন্য পার্কিংয়ের ব্যবস্থা করা।

অনির্দিষ্টকালের ধর্মঘট বাস্তবায়নে রবিবার বিকেলে দক্ষিণ সুরমার বাবনা পয়েন্টে নিজেদের অস্থায়ী কার্যালয়ে সভা করেন পরিবহন নেতারা।

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি আবু সরকারের সভাপতিত্বে সভায় সংগঠনের সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সজিব আলীসহ ১৪টি বেসিক ইউনিয়নের নেতৃবৃন্দ এতে অংশ নেন। তবে এসএসসি পরীক্ষার্থী, রোগী ও বিদেশযাত্রীরা ধর্মঘটের আওতামুক্ত থাকবে বলে জানান শ্রমিক নেতারা।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360