অশনির শঙ্কা কাটছে বাংলাদেশের - Shera TV অশনির শঙ্কা কাটছে বাংলাদেশের - Shera TV

অশনির শঙ্কা কাটছে বাংলাদেশের

ওয়েদার ডেস্ক:
আজও ঘূর্ণিঝড় অশনি বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় থাকবে শক্তিশালী অবস্থানে। তবে আবহাওয়া অফিস জানিয়েছে, এটি শক্তি হারিয়ে ধিরে ধিরে ধাবিত হচ্ছে ভারতের উড়িষ্যার দিকে। এতে বাংলাদেশকে ঘিরে শঙ্কা কাটছে ঘূর্ণিঝড় অশনির।
আজ (৯ মে) সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম বলেন, ‘চিন্তার কোনো কারণ নেই। সর্বশেষ পাওয়া তথ্য থেকে জানা গেছে যে, ঘূর্ণিঝড় অশনি যেভাবে ছিল এখনও সেভাবেই আছে। অবস্থানের পরিবর্তন হয়তো সেভাবে হবে না। বরং এটি ধিরে ধিরে শক্তি হারিয়ে দুর্বল হয়ে যেতে পারে। আজ পর্যন্ত এটা শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবেই থাকবে। ওই রকম কোনো পরিবর্তন হবে না। আজকের পর অশনি ধিরে ধিরে দুর্বল হবে।’
তিনি বলেন, ‘আপাতত বাংলাদেশ থাকবে শঙ্কামুক্ত। তবে বৃষ্টি, বাতাস হতে পারে। সর্বশেষ তথ্য অনুযায়ী, এটির গতিপথ ভারতের উড়িষ্যার দিকে। তবে উপকূলে ধেয়ে আসার সঙ্গে সঙ্গে এর গতি কমে যাবার সম্ভাবনা আছে। যার ফলে বাংলাদেশে এর তেমন প্রভাব পড়বে না বলে মনে করছে আবহাওয়া অধিদপ্তর।’
আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বুলেটিন-৭ অনুযায়ী, প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার। যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ১১৭ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে বলে জানায় আবহাওয়া অফিস।
আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানান, এখন পর্যন্ত চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সঙ্গে তাদের গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360