কংগ্রেস নেতা রাহুল গান্ধী আটক - Shera TV কংগ্রেস নেতা রাহুল গান্ধী আটক - Shera TV

কংগ্রেস নেতা রাহুল গান্ধী আটক

আন্তর্জাতিক প্রতিবেদন:

ভারতীয় জাতীয় কংগ্রেসের সাবেক সভাপতি ও দলটির অন্যতম শীর্ষস্থানীয় নেতা রাহুল গান্ধীকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার দিল্লিতে বিক্ষোভের সময় পুলিশ তাঁকে আটক করে।
জিএসটি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধিতে ডাকা প্রতিবাদ ও বিক্ষোভ থেকে তাঁকে আটক করা হয়।
এনডিটিভিতে প্রকাশিত প্রতিবেদন বলছে, জিএসটি বৃদ্ধিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মঙ্গলবার রাজধানী দিল্লির কেন্দ্রস্থলে বিক্ষোভে অংশ নেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। মূল্যবৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে ক্ষমতাসীন বিজেপি সরকারের বিরুদ্ধে প্রতিবাদে নেতৃত্ব দিচ্ছিলেন তিনি।
এসময় বিপুল সংখ্যক পুলিশ কংগ্রেসের এ প্রতিবাদস্থল ঘিরে রাখে। প্রায় ৩০ মিনিট পর রাহুল গান্ধীকে আটক করে পুলিশ সদস্যরা। আটকের পর তাঁকে বাসে তুলে নেওয়া হয়।
আটকের আগে রাহুল গান্ধী বলেন, ‘ভারত একটি পুলিশি রাষ্ট্র, (প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি) একজন রাজা।’
রাজ্যসভার বিরোধীদলীয় নেতা এবং কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে বলেছেন, ‘পুলিশের নির্দেশনা অনুযায়ীই আমরা প্রতিবাদ করছি। বিরোধীদের সম্পূর্ণরূপে ধ্বংস করতে ও আমাদের কণ্ঠস্বরকে স্তব্ধ করার জন্য এসবই প্রধানমন্ত্রী মোদি এবং অমিত শাহের ষড়যন্ত্র। আমরা ভয় পাবো না, আমাদের লড়াই চলবে।’

সেরা টিভি/মামুন

Developed BY: Shera Digital 360