করোনায় আক্রান্ত হয়ে নিউইয়র্কে ৭৮ বাংলাদেশির মৃত্যু - Shera TV করোনায় আক্রান্ত হয়ে নিউইয়র্কে ৭৮ বাংলাদেশির মৃত্যু - Shera TV

করোনায় আক্রান্ত হয়ে নিউইয়র্কে ৭৮ বাংলাদেশির মৃত্যু

সেরা নিউজ ডেস্ক:

করোনায় আক্রান্ত হয়ে নিউইয়র্কে আরও পাঁচজন ও নিউজার্সিতে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। রোববার ও সোমবার এ নিয়ে যুক্তরাষ্ট্রে মোট ৭৮ বাংলাদেশি মারা গেলেন।

নিউইয়র্কের ভেঙে পড়া চিকিৎসা ব্যবস্থার শিকার হয়ে মারা গেছেন কুইন্সের তামিনা ইসলাম খান তমা (৩২)। শুক্রবার সন্ধ্যায় শ্বাসকষ্ট নিয়ে করোনায় আক্রান্ত তমা জ্যামাইকার কুইন্স জেনারেল হাসপাতালে ভর্তি হন। কিন্তু তাকে বাঁচানোর জন্য ভেন্টিলেটর দিতে পারেননি চিকিৎসকরা। ঢাকার নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে শিক্ষাজীবন শেষ করে অবিবাহিত তমা দেড় বছর ধরে নিউইয়র্কে বাবা তাজুল ইসলাম খান ও মায়ের সঙ্গে বাস করছিলেন। তাদের একমাত্র সন্তান ছিলেন তমা।

এদিকে, তিন সন্তানের বাবা মোহাম্মদ সাইফুল খান আজাদ (৪৯) ও তার স্ত্রী করোনায় আক্রান্ত হয়ে জ্যামাইকা হসপিটালে ভর্তি হন। স্ত্রী সুস্থ হয়ে ফেরেন। সাইফুল মারা যান সোমবার। এর মধ্যে সাইফুলের ছোট ভাই করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন।

করোনায় সবচেয়ে কম বয়সী হাফিজ রুবেল আহমেদ (২৩) মারা গেছেন নিউজার্সির প্যাটারসন সিটিতে।

নিউইয়র্কে সোমবার ভোরে কমিউনিটির জনপ্রিয় ব্যক্তিত্ব বাংলাদেশ সোসাইটির সভাপতি ও নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সহসভাপতি কামাল আহমেদ মারা যান। তার মৃত্যুতে জাতিসংঘে বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি রাবাবা ফাতিমা ও নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটের কন্সাল জেনারেল সাদিয়া ফয়জুন্নেসা শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন। এদিন নিউইয়র্কে আরও মারা যান বাচ্চু মিয়া (৬৪) ও তোফায়েল আহমেদ (৫৪)।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360