ইসলাম ধর্মের মাহাত্ম্যকে বুঝতে রোজা রাখছেন অমুসলিম ব্রিটিশ এমপি - Shera TV ইসলাম ধর্মের মাহাত্ম্যকে বুঝতে রোজা রাখছেন অমুসলিম ব্রিটিশ এমপি - Shera TV

ইসলাম ধর্মের মাহাত্ম্যকে বুঝতে রোজা রাখছেন অমুসলিম ব্রিটিশ এমপি

ইন্টারন্যাশনাল ডেস্ক:
ইসলাম ধর্মাবলম্বীদের কাছে পবিত্রতম মাস রমজান। মহান আল্লাহ পাকের নির্দেশে এই মাসজুড়ে রোজা পালন করেন তারা। এই মাসে ধনী-গরিব নির্বিশেষে সব মুসলিম সারাদিন খাবার-পানীয় পরিহার করে ক্ষুধার জ্বালা সহ্য করেন। এবার ইসলাম ধর্মের এই মাহাত্ম্যকে আরও ভালোভাবে বুঝতে অমুসলিম হয়েও রোজা পালন শুরু করেছেন ব্রিটিশ সংসদ সদস্য (এমপি) পল ব্রিস্টো।

ইংল্যান্ডের পিটারবারো’র কনজারভেটিভ পার্টির এমপি ব্রিস্টো টুইটারে তার এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘রমজান হলো আধ্যাত্মিক চিন্তা, নিজের উন্নতি এবং গভীর প্রার্থনার সময়। রমজানের প্রথম সপ্তাহ আমিও রোজা পালনের সিদ্ধান্ত নিয়েছি। আমি মুসলিম নই।’

এই ব্রিটিশ এমপি বলেন, ‘আমি রমজানের প্রথম সপ্তাহ রোজা রাখছি। আমার শহর পিটারবারোতে বসবাসরত ২০ হাজার মুসলিমের সঙ্গে এই অভিজ্ঞতা শেয়ার করতে চাই। আমি ইসলাম সম্পর্কে আরও ভালোভাবে বুঝতে চাই।’

রোজা ও ইসলাম বিষয়ে প্রতিদিনের অভিজ্ঞতা টুইটার ও নিজের ওয়েবসাইটে নিয়মিত শেয়ার করছেন পল ব্রিস্টো।

করোনা মহামারির কারণে যুক্তরাজ্যজুড়ে চলছে লকডাউন। এর মধ্যে রমজানে কীভাবে কী করতে হবে সেই বিষয়ে বিশেষ নির্দেশিকা প্রকাশ করেছে মুসলিম কাউন্সিল অব ব্রিটেন (এমসিবি)।

দেশটির অনেক মসজিদ তাদের অনলাইন প্রোগ্রাম বাড়িয়ে দিয়েছে। সেখানে নিয়মিত ধর্মীয় নির্দেশনা ও নামাজ প্রচার করা হচ্ছে। মসজিদের ইমামরা তাদের সম্প্রদায়ের লোকদের মনোবল বৃদ্ধির চেষ্ট করছেন।

সূত্র: মিডিলইস্ট মনিটর

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360