লকডাউন খুলতেই ইতালিতে কাজে যোগ দিয়েছে লাখ লাখ মানুষ - Shera TV লকডাউন খুলতেই ইতালিতে কাজে যোগ দিয়েছে লাখ লাখ মানুষ - Shera TV

লকডাউন খুলতেই ইতালিতে কাজে যোগ দিয়েছে লাখ লাখ মানুষ

ইন্টারন্যাশনাল ডেস্ক:
করোনার প্রকোপ থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে ইউরোপের দেশ ইতালি। সোমবার দেশটিতে ৫৩ দিনের ‘লকডাউন শিথিল’ হয়েছে। আর লকডাউন শিথিলের প্রথম দিনই শর্ত মেনে লাখ লাখ মানুষ তাদের কাজে যোগ দিয়েছেন।

ইতালির নাগরিক সুরক্ষা বিভাগের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘন্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১ হাজার ২২১ জন, যা আগের দিনের চেয়ে ১৬৮ জন কম। একই সময়ে সুস্থ হয়েছেন ১ হাজার ২২৫ জন এবং মৃত্যু হয়েছে ১৯৫ জনের।

দেশটির প্রধানমন্ত্রী জোসেপ্প কন্তে এক বক্তৃতায় বলেছেন, করোনা এখন অনেকটাই নিয়ন্ত্রণে। তবে সামনের দিনগুলোতে অত্যন্ত সাবধানভাবে চলতে হবে। তিনি বলেন, দেশ ও দেশের অর্থনীতিকে বাঁচাতে লক ডাউন শিথিল করার বিকল্প ছিল না।

লকডাউন শিথিল হওয়ায় ইতালির মানুষের মধ্যে এক ধরনের স্বস্তি ফিরেছে। রাজধানী রোমসহ বিভিন্ন শহরে প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হয়েছে। কাজে যোগ দিয়েছেন লাখ লাখ মানুষ। রোমের বিভিন্ন পয়েন্টে মানুষের পদচারণা বেড়েছে। পার্কেও যাচ্ছেন অনেকে। সুপারশপে বেড়েছে গ্রাহক। গণপরিবহনেও অনেক যাত্রী দেখা গেছে। তবে কারণ ছাড়া বের হওয়ার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে জবাবদিহি করেত দেখা গেছে অনেককে। কেননা লকডাউন শিথিল করা হলেও বলা হয়েছে, কারণ ছাড়া জনসমাগম করা যাবে না।

ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল বলেন, লকডাউন শিথিল করায় স্বস্তি ফিরেছে ঠিকই, কিন্তু সর্বোচ্চ সতর্কাবস্থায় ঘর থেকে বের হতে হবে। তিনি প্রবাসীদের সরকার ঘোষিত নিয়ম মেনে বের হওয়া ও ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার আহ্বান জানান।

রোমের বিশিষ্ট ব্যবসায়ী শাহাদাত হোসেন রনি বলেন, দীর্ঘদিন লক ডাউন অবস্থায় ছিলাম। আজ ভাই-বোনদের সঙ্গে দেখা করার জন্য বের হয়েছি। সরকারের ঘোষণা অনুযায়ী- দু’সপ্তাহ পর ব্যবসা প্রতিষ্ঠান খুলতে পাববো আশা করছি।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360